ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সবাইকে শিক্ষিত হয়ে উঠতে হবে। বর্তমান সরকারের আমলে শিক্ষার উন্নয়নে একের পর এক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।আজ বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাঘলা বাজারে বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মানুষজন ভোট দিয়ে আমাকে সাংসদ বানিয়েছেন। পরবর্তী সময়ে দল আমাকে মন্ত্রী বানিয়েছে। আমি যেন মন্ত্রিত্ব থেকে শুরু করে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি, এই দোয়া সবাই করবেন। আমি এলাকার মানুষের ভালোবাসায় ধন্য। আমি আজীবন এলাকার সম্মান রক্ষার্থে কাজ করে যাব।’এ সময় বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিরউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম, আওয়ামী লীগের নেতা মোস্তাক আহমদ, সিরাজউদ্দিন, ছাত্রলীগের নেতা মোহাম্মদ আব্বাছ, এনামুল হক, এমদাদ রহমান বক্তব্য দেন।এর আগে শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জের শান্তিরবাজার এলাকার বারুদল সেতু ও মফজ্জিল আলী হাইস্কুলে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বাদেপাশা ইউনিয়ন কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।