ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম এক ধাপ এগিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একযোগে দেশের চার হাজার ৫০১টি ইউনিয়নে তথ্যকেন্দ্র উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর সঙ্গে ভোলার চর কুকরি-মুকরিতে অবস্থানরত ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও স্থানীয় বাসিন্দারা ভিডিও কনফারেন্সে অংশ নেন। স্থানীয় মাঝি আবদুল আজিজ ও কর্মজীবী মহিলা শারমিন আখতারও তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ ছাড়া কিশোরগঞ্জের যশোদল ইউনিয়নে অবস্থানরত বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বক্তব্য দেন। ভোলা জেলা প্রশাসক মেসবাউল ইসলাম ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান নিজ নিজ এলাকায় ভিডিও কনফারেন্স সঞ্চালন করেন। ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য দেন অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামের জাতীয় পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সম্পদ, প্রযুক্তি কিংবা সংযুক্তি— কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সবার আন্তরিক অংশগ্রহণে সব বাধা দূর করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।শেখ হাসিনা বলেন, এসব তথ্যকেন্দ্রে ইউনিয়নের সব নাগরিক সহজে ও সুলভে সরকারি ফরম, প্রয়োজনীয় তথ্য পাবে এবং সেগুলো আদান-প্রদান করতে পারবে। সেই সঙ্গে তারা কৃষি, মৎস্য, পশুপালন, শিক্ষা, স্বাস্থ্য, আইন ও মানবাধিকারবিষয়ক তথ্য পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন ছোঁয়ার দিন ও স্বপ্ন পূরণ নামের দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।এদিকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি চর কুকরি-মুকরি থেকে জানান, গতকাল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্যকেন্দ্রটি উদ্বোধন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রশাসক হেলেন ক্লার্ক এখানে উপস্থিত থেকে কেন্দ্র উদ্বোধন করেন।আনুষ্ঠানিক উদ্বোধনের পর কেন্দ্রটিতে কয়েকজন উৎসাহের সঙ্গে সেবা নিতে আসেন। গত ২৮ অক্টোবর কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদে এ তথ্য ও সেবাকেন্দ্র চালু হওয়ার পর থেকেই অবশ্য লোকজন আসছিল। এই কেন্দ্রে দুটি করে ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, স্ক্যানার, প্রিন্টার ও মডেম রয়েছে।প্রত্যন্ত এ ইউনিয়নে কোনো সংবাদপত্র আসে না। চরফ্যাশনেই জাতীয় পত্রিকা পৌঁছাতে পৌঁছাতে কখনো দেড়টা থেকে দুইটা বেজে যায়। কিন্তু সংবাদপত্র পড়ায় এ ইউনিয়নের শিক্ষিত ব্যক্তিদের অনেকেরই আগ্রহ। তাঁদের কেউ কেউ কয়েক দিন ধরে এ কেন্দ্রে আসছিলেন জাতীয় সংবাদপত্রের অনলাইন সংস্করণ পড়তে।এঁদের একজন আবুল বাসার। তাঁর বাড়ি ইউনিয়ন পরিষদ থেকে এক কিলোমিটার দূরের মুসলিমপাড়ায়। সকাল সকাল তিনি নাশতা সেরে হাজির হন তথ্যকেন্দ্রে। এসে ইন্টারনেটে দিনের পত্রিকা দেখেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এনে পেপার আইয়ে না। হের লাইগ্যা পেপার পড়তাম কেন্দে আই।’কেন্দ্রটির একজন কর্মী মো. ইলিয়াস জানান, আবুল বাসারের মতো সকাল-বিকেল অনেকেই আসেন। চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন নানা কাজে এখানে এসেছেন। স্থানীয় মোসলেম উদ্দিন এসেছিলেন চাকরির আবেদনের জন্য একটি জীবনবৃত্তান্ত তৈরি করতে। চাকরির দরখাস্ত কম্পোজ করেছেন মহিউদ্দিন আহমেদ ও মোশাররফ হোসেন। স্থানীয় ডাকঘরের মাধ্যমে দরখাস্তটি পাঠিয়ে দিয়েছেন তাঁরা। এ ধরনের কোনো কাজ করতে হলে এত দিন চরফ্যাশনে যেতে হতো। এতে এখন সময় আর খরচ দুই-ই সাশ্রয় হচ্ছে।আমিনপুরের বাসিন্দা বাউফল কলেজের ছাত্র জাফর আহমেদের এত দিন কোনো ই-মেইল ঠিকানা ছিল না। তথ্য ও সেবাকেন্দ্রটি চালুর পর পরই তিনি এখানে এসে একটি ই-মেইল অ্যাকাউন্ট খুলেছেন। জাফর বলেন, ‘এখন অনেক দূর থেকেও মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। বিভিন্ন জায়গায় আবেদন করতে হলে এখন ই-মেইল আইডি দিতে হয়।’ইন্টারনেট-সুবিধা ব্যবহার করে এখান থেকে স্থানীয় বাসিন্দারা কৃষি ও স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে সমস্যা সমাধানে পরামর্শ পাবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উন্নত চিকিৎসাসেবার সুযোগ পাবে দুর্গম এই চরের বাসিন্দারা। এ ছাড়া পরচার নকল তোলার মতো জমিসংক্রান্ত কিছু কাজ, পড়ালেখা বা অন্য কোনো কাজে কোনো তথ্য সংগ্রহ, কলেজ-বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি বা চাকরির আবেদন—সবই করা যাবে এ কেন্দ্রটি থেকে।কুকরি-মুকরিতে উপস্থিত সরকারি ও ইউএনডিপির কর্মকর্তারা জানান, বিদেশগামী শ্রমিকেরা ইংরেজি শিখতে পারবেন এখানে। এ জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কথা বলেছে সরকার। জানা যাবে আবহাওয়ার পূর্বাভাস। অদূর ভবিষ্যতে কিছু ব্যাংকিং সুবিধাও পাওয়া যাবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষকদের ভর্তুকিসহ সরকারের সামাজিক নিরাপত্তার যেসব কর্মসূচি আছে, সেগুলোও এসব কেন্দ্র থেকে দেওয়া যাবে।সারা দেশের সাড়ে চার হাজার তথ্যকেন্দ্রের মধ্যে ৮৫৯টিতেই বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে সৌর প্যানেলের মাধ্যমে কম্পিউটার চালানো হবে। জনগণ কিছু সেবা পাবে বিনামূল্যে, কিছু সেবার জন্য মাশুল দিতে হবে। ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে জানান, কত মাশুল দিতে হবে, তা এখনো নির্ধারিত হয়নি। তবে তা মানুষের নাগালের মধ্যেই থাকবে।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইউনিয়ন পরিষদে বসে কথা বলেন হেলেন ক্লার্ক। তিনি তথ্য ও সেবাকেন্দ্র চালুর জন্য সরকারকে অভিনন্দন জানান। ক্লার্ক বলেন, ইউএনডিপি এ প্রকল্পের অংশীদার হিসেবে গর্বিত। জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি। ইউএনডিপির প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঝুঁকিতে থাকা মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে হলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন করতে হবে।সবশেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হেলেন ক্লার্ক বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার। এর মোকাবিলায় বৈশ্বিকভাবে অনেক কিছু করা যায়, তবে স্থানীয়ভাবেও অনেক কিছু করা সম্ভব। বাংলাদেশে ৭০০ কিলোমিটার উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন সৃজনের মাধ্যমে জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।হেলেন ক্লার্ক বলেন, উন্নত দেশগুলো অনেক বেশি কার্বন নিঃসরণ করছে। আর এ জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুন্নত দেশগুলো। ইউএনডিপি দরিদ্র দেশগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে চায়।