ডিজিটাল বাংলাদেশ হলে গর্ববোধ করবেন নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হলে দেশের নাগরিক হিসেবে সবাই গর্ববোধ করবে। ডিজিটাল বাংলাদেশ করতে হলে দলবাজি ও টেন্ডারবাজি বন্ধ করতে হবে।জামায়াতের গণসংযোগ সপ্তাহ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় নিজামী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি ডিজিটাল বাংলাদেশ বলতে বুঝি বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত ও সমৃদ্ধ একটি বাংলাদেশ। যদি বাংলাদেশ এ পর্যায়ে যায়, তাহলে দেশের নাগরিক হিসেবে আমরা সকলেই গর্ববোধ করব।’অনুষ্ঠানে জামায়াতপন্থী পেশাজীবীরা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে নানা পরামর্শ দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি চলছে। অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ আজ বন্ধ, লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে। প্রধানমন্ত্রী যদি সত্যিই ডিজিটাল বাংলাদেশ গড়তে চান, তাহলে শিক্ষাঙ্গনকে শান্ত রাখতে হবে।সরকারের সমালোচনা করে নিজামী বলেন, এ সরকার মানুষের জান-মাল-ইজ্জত-আব্রুর নিরাপত্তা দিতে পারছে না। যারা মানুষের জান-মাল-ইজ্জত-আব্রুর নিশ্চয়তা দিতে না পারে, তাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। তিনি বলেন, দেশ আজ চলছে না। দেশ চালানোর জন্য যারা দায়িত্ব পাওয়া, দেশ চালানোর জন্য তাদের মাথাব্যথা নেই।ছাত্রলীগের সমালোচনা করে নিজামী বলেন, ‘ছাত্রলীগ সারা দেশে যেভাবে টেন্ডারবাজি, সন্ত্রাস শুরু করেছে, তাতে এই সরকারের পতনের জন্য আমাদের কিছু করতে হবে না, ছাত্রলীগই যথেষ্ট।’ ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও বক্তব্য দেন।