ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের জন্য হাসিনার প্রশংসা করলেন বিল গেটস
মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান উইলিয়াম বিল গেটস ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ভূয়সী প্রশংসা করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে সহায়তা দিয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন।বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস আরও বলেন, ‘আপনার সুপরিকল্পিত, আধুনিক ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।’বিল গেটস সোমবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে এই অভিমত ব্যক্ত করেছেন। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, তাঁরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি কৃষি ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।বিল গেটস এসব ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন এবং টিকাদান কর্মসূচিতে সহযোগিতা আরও সম্প্রসারণ করার ওপর গুরুত্ব আরোপ করেন। মাইক্রোসফটের চেয়ারম্যান শিশুমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের সাফল্যের জন্য জাতিসংঘ এমডিজি-৪ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, তাঁর সরকার অন্যান্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এর আগে গতকাল সন্ধ্যায় আঙ্কটার্ড সেক্রেটারি জেনারেল সুপাচাই পানিচপাকদি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেন।বৈঠককালে আঙ্কটার্ডের নেতা আগামী বছরে দোহারে অনুষ্ঠেয় আঙ্কটার্ড শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, শেখ হাসিনার উপস্থিতি শীর্ষ সম্মেলনকে সাফল্যমণ্ডিত করবে। বাসস।