ডিজে পার্টিতে শহুরে তারুণ্য
দুই কানে লাগানো হেডফোনে বাজছে গানের সুর। চোখের তারা খেলা করছে হাতের সামনে রাখা ডিস্ক প্লেয়ার দুটোতে। আঙুলের নিয়ন্ত্রণে চলছে বহুমাত্রিক শব্দের খেলা। দানবাকৃতির স্পিকার থেকে ভেসে আসছে বুককাঁপানো সুর। প্রিয় ডিস্ক জকির (ডিজে) বাজনায় মোহাচ্ছন্ন হয়ে নাচছে সবাই। গমগমে শব্দের কারসাজি আর চোখ ধাঁধানো আলো-আঁধারির খেলায় হারিয়ে যাচ্ছে সব কষ্ট-দুঃখ আর হতাশা। কয়েক ঘণ্টার জন্য নগরজীবনের ব্যস্ততা থেকে মুক্ত হওয়ার জন্য ইদানীং অনেকেই ছুটছেন ডিজে শোগুলোতে।মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও আজকাল ডিজে শোতে অহরহ আসছেন। ডিসকো নেচে ফ্লোর মাতিয়ে তাঁরা জানান দিচ্ছেন—যে কেউ ইচ্ছে করলে নিজে নেচেগেয়ে তো বটেই, অন্যকেও নাচাতে পারেন ডিজে শোতে এসে। উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শাফিন হায়দার জানালেন, তাঁরা বন্ধুরা প্রায় প্রতি সপ্তাহেই ডিজে শোতে যান। শাফিনের বন্ধু তনিমা বললেন, ‘কখনো বন্ধুদের সঙ্গে, কখনো আবার নিজেরাই দলবেঁধে মজা করতে যাই ডিজে পার্টিতে।’আর আজকাল ডিজে পার্টিগুলো তো কেবল আর বড় বড় বিদেশি ক্লাব, পাঁচতারকা হোটেল কিংবা নামীদামি আড্ডাখানার গণ্ডিতেই আবদ্ধ নয়। এখন জন্মদিন, বিয়ের আসর, গায়েহলুদের অনুষ্ঠান, করপোরেট শো, পিকনিকসহ সবখানেই ডিজে পার্টির আয়োজন হচ্ছে—বলছিলেন এ সময়ে নগরের অন্যতম জনপ্রিয় পারফরমার ডিজে জুবায়ের। তাঁরই বন্ধু ডিজে মারিয়া জানান, বাংলাদেশে ক্লাব ডিজেতে এখন পাঁচ-ছয়জন মেয়ে ডিজে আছেন।নগরের অন্যতম বিখ্যাত ডিজে রাহাত জানান, নব্বইয়ের দশকে ঢাকায় ডিজে-সংস্কৃতির শুরু। সেই সময় ডিজে ডিউক, ডিজে শাহেদ, ডিজে তানিম—এঁদের হাত ধরেই বাংলাদেশে প্রথম আসে ডিস্ক প্লেয়ার। শুরুর দিককার ডিজে পার্টি তখন গুলশান, বনানী, বারিধারার কতগুলো অভিজাত ক্লাবেই সীমাবদ্ধ ছিল। পরবর্তী সময়ে ডিজে প্রিন্স, ডিজে অপু—এঁদের হাত ধরে ১৯৯৫ থেকে ১৯৯৭ সালের দিকে ডিজে পার্টিগুলো আরও জনপ্রিয় হতে শুরু করল। আর এখন তো গোটা শহরেই ছড়িয়ে পড়েছে ডিজে পার্টিগুলো।কোনো পার্টিতে বা অনুষ্ঠানে আসর জমিয়ে ফেরার সময় ডিজেদের পকেটে বেশ মোটা অঙ্কের টাকাপয়সাও জমা হয়। তা না হলে কি আর বিবিএ, এমবিএ পাস করা ছেলেমেয়েরা ক্যারিয়ার হিসেবে ডিজেকে বেছে নেয়? এই প্রসঙ্গে ডিজে জুবায়ের বলছিলেন, ‘আমার এখন প্রায় প্রতি মাসেই বিশ-পঁচিশটা করে শো থাকে। শোতে গিয়ে আমি যে টাকা পাই, তা আমার সমসাময়িক বন্ধুদের বেতনের চেয়ে অনেক বেশি। আর সবচেয়ে বড় বিষয় হলো পরিচিতি। এই দুটো তো টাকা-পয়সা দিয়ে পাওয়া যায় না।’ডিজে রাহাত জানালেন, বর্তমানে ব্যান্ডের বাজারের একটা বড় অংশও দখল করে নিয়েছে ডিজেরা। তাঁর ভাষ্যে, আগে কোথাও কোনো অনুষ্ঠান হলে সবাই ব্যান্ড আনার কথা ভাবত। কিন্তু এখন ব্যান্ডের সঙ্গে সঙ্গে ডিজে শোটাই জরুরি হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে এ রকম দেখা যায়, শুধু ডিজে পার্টি দিয়েই একটানা তিন-চার ঘণ্টা চলে যাচ্ছে। বাংলাদেশের অডিওশিল্পে ডিজেদের অবস্থা এখন বেশ ভালো। এর মধ্যেই ডিজে রাহাতের দুটো অ্যালবাম বের হয়েছে। শুধু তা-ই নয়, নগরের ডিজেরা আজকাল বিজ্ঞাপনের জিঙ্গেলেও কাজ করছেন বলেও জানালেন তিনি।শহরজুড়ে যখন ডিজের এই তাণ্ডব চলছে, তখন নগরের ছেলেমেয়েরাই বা বসে থাকবেন কেন? তাই তো অনেকেই এখন আগ্রহী হয়ে ‘ডিস্ক প্লেয়িং’ শিখতে আসছেন নগরের দুটো ডিজে প্রশিক্ষণালয়ে। ধানমন্ডিতে আছে ডিজে রাহাতের ‘গ্যারেজ’ এবং লালমাটিয়ায় আছে ডিজে জুবায়েরের ‘স্পিনিং হাউস’। গান-বাজনায় আগ্রহী ছেলেমেয়েরা এখানে এসে একটি ছোট্ট ভর্তি পরীক্ষা দিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে শিখতে পারেন ডিস্ক প্লেয়িং। লালমাটিয়ার স্পিনিং হাউসে কথা হচ্ছিল আদনানের সঙ্গে। শখের বশেই এখানে ডিজে শিখতে আসা বলে তিনি জানালেন।কোনো পার্টিতে আঙুলের খেল দেখিয়ে সবাইকে মাতাতে অবশ্য কয়েকটি যন্ত্রপাতি কেনাই লাগবে। একটি ডিজে শোর জন্য মাত্র দুটি প্লেয়ার একটা সাউন্ড মিক্সার আর একটা হেডফোন কিনলেই চলে। ডিস্ক প্লেয়ারের সর্বনিম্ন দাম পড়বে ৬০ হাজার টাকা। একটা মিক্সারের দামও ৬০-৬৫ হাজারের কম নয়।নগরে ডিজে করা এবং ডিজে পার্টিতে যাওয়া-আসার প্রতি তরুণদের আগ্রহ বাড়লেও তাঁদের পছন্দের পরিবর্তন তেমন একটা আসছে না বলে জানালেন এখনকার কয়েকজন ডিজে। এখন পর্যন্ত দর্শকেরা ইংরেজি ও হিন্দি গান শুনতেই বেশি পছন্দ করে। কিন্তু শ্রোতারা যদি চায়, তাহলে একজন ডিজে মান্না দে, কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের গান বাজিয়েও যেমন নাচাতে পারবেন, ঠিক তেমনি ‘বেদের মেয়ে জোছনা’ কিংবা ‘খায়রুন সুন্দরী’ বাজিয়েও আসর জমাতে পারবেন। ডিজেরা গান বাজানোর সময়ে সুর নিয়ে খেলা করে, কিছু তাল এদিক-সেদিক করে দর্শককে মজা দেওয়ার চেষ্টা করে। আর কাউকে নাচানোর কাজটা ডিজেদের চেয়ে ভালো আর কে পারে?