ডিজেলের মূল্যবৃদ্ধি, ভারতজুড়ে আন্দোলন
ডিজেলের মূল্য আরেক দফা বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার ভারতজুড়ে শুরু হয়েছে তীব্র আন্দোলন। এই আন্দোলনে নেমেছে বামদল, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতিবিষয়ক কমিটির এক বৈঠকে ডিজেলের দাম লিটারপ্রতি পাঁচ রুপি বাড়ানো এবং রান্নার গ্যাসে রেশনিং চালুর সিদ্ধান্ত হয়। ওই রাত থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়। এখন থেকে প্রতিটি পরিবার সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে বছরে ছয়টি গ্যাসসিলিন্ডার পাবে। তবে প্রয়োজনে ৭৪৮ থেকে ৭৫০ রুপি মূল্যে অতিরিক্ত সিলিন্ডার কিনতে পারবে। এই মূল্যবৃদ্ধির কারণে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৪৪.৭৬ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৯.৭৬ রুপি। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর ভারতের বিভিন্ন রাজ্যে সরকারবিরোধীরা পথে নেমে ডিজেলের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসে রেশনিং চালুর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কাল শনিবার কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ডিজেলের মূল্যবৃদ্ধি কারণে পশ্চিমবঙ্গের বেসরকারি বাস, মিনিবাস ও বিভিন্ন ট্যাক্সি ইউনিয়ন অবিলম্বে মিনিবাস ও ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে। বাসমালিকদের বৃহত্ সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট আজ এক বৈঠক শেষে জানিয়েছে, রাজ্য সরকার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা না করলে আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গে তাদের সংগঠনের নিয়ন্ত্রণে থাকা ৩৭ হাজার বাস পথে নামবে না। তারা ধর্মঘটে যাবে।