বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য নজরুল ইসলাম পদত্যাগ করবেন না জানিয়ে বলেছেন, উপাচার্য বা সহ-উপাচার্যের পদত্যাগের বিষয়টি সিন্ডিকেটের হাতে নয়। উপাচার্য নজরুল ইসলাম আরও বলেন, শিক্ষকেরা যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আবুল কাসেমকে প্রধান করে গঠিত কমিটির তদন্ত মেনে নেননি। সে ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের জন্য আচার্যের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া শিক্ষকদের সঙ্গে আলোচনা চলবে। আজ বুধবার রাতে সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। এর আগে আজ বিকেলে বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যানরা একযোগে উপাচার্য নজরুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। একসঙ্গে পদত্যাগপত্র জমা দেওয়ায় সেটি যথাযথভাবে দেওয়া হয়নি উল্লেখ করে উপাচার্য তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেননি। তবে ডিন ও বিভাগের চেয়ারম্যানরা পদত্যাগপত্র উপাচার্যের দপ্তরে রেখে আসেন। উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে ডিন ও বিভাগের চেয়ারম্যানরা এ পদত্যাগপত্র জমা দিলেন। বুয়েট শিক্ষক সমিতির সহসভাপতি মাকসুদ হেলালী আজ সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে এই তথ্য জানান।মাকসুদ হেলালী বলেন, বুয়েটের ২৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই ২৩ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মোট ১৭টি বিভাগের মধ্যে ১৫টি বিভাগের চেয়ারম্যান, তিনটি ইনস্টিটিউটের পরিচালক ও পাঁচটি অনুষদের ডিন রয়েছেন। তিনি জানান, বাকি দুটি বিভাগের চেয়ারম্যান এখন ক্যাম্পাসে নেই।এর আগে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দেন বুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে বুয়েট কর্তৃপক্ষের ক্যাম্পাস বন্ধের ঘোষণাকে অনৈতিক ও অবৈধ বলেও দাবি করেন তাঁরা। আজ সকালে বুয়েটের কাউন্সিল ভবনের সামনে সমাবেশ করে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান।শিক্ষক সমিতির সভাপতিসহ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহসভাপতি মাকসুদ হেলালী, কোষাধ্যক্ষ আতাউর রহমান, সাবেক ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হকের নেতৃত্বে বেলা পৌনে ১২টার দিকে একটি মৌন মিছিল বের করেন শিক্ষকেরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী করতালির মাধ্যমে শিক্ষকদের উত্সাহ দেন ও তাঁদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। শিক্ষার্থীদের হাতে ছিল ‘ভূতাপেক্ষার নামে নিয়মবহির্ভূত নিয়োগ ও পদোন্নতির অপকর্মের অবসান চাই’, ‘উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করে বুয়েটকে রক্ষা করুন’, ‘সরকারি অর্থ খরচ করে তথাকথিত সাংবাদিক নিয়োগের মাধ্যমে শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন’ লেখাসহ বিভিন্ন প্ল্যাকার্ড।মিছিলের শুরুতেই আশরাফুল ইসলামের স্বাক্ষর করা প্রচারপত্র ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়। এতে সর্বাত্মকভাবে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে ডাক দেওয়া হয়। মিছিলটি বুয়েটের প্রশাসনিক ভবন হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাউন্সিল ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে তাঁরা সমাবেশ করেন।সমাবেশে মুজিবুর রহমান বলেন, ‘সম্পূর্ণ অনৈতিকভাবে বুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো ধরনের আলোচনা ছাড়াই উপাচার্য একক সিদ্ধান্ত নিয়ে আবারও তাঁর স্বেচ্ছাচারিতার প্রমাণ দিয়েছেন। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’উপাচার্য-বিরোধী আন্দোলনের এই শিক্ষক নেতা বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী আমরা ক্লাসে ফিরে গিয়েছিলাম। কিন্তু সমস্যার কোনো সুরাহা হয়নি। উপরন্তু, অভিযোগ তদন্তে গঠিত প্রতিবেদনে উপাচার্যের মতামতই তুলে ধরা হয়েছে।’ তিনি প্রশাসনিক ভবনের সামনে সন্ধ্যা পর্যন্ত অবস্থান ধর্মঘট দেওয়ার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা লাগাতার ধর্মঘট দেওয়ার আহ্বান জানান। পরে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে মুজিবুর রহমান লাগাতার অবস্থান ধর্মঘট ঘোষণা করেন।বেলা তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছিলেন।শিক্ষকদের দাবি, উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের জন্য দেওয়া আল্টিমেটামের ভয়ে বুয়েট বন্ধ করে দেওয়া হয়েছে।অবস্থান ধর্মঘটের ব্যাপারে উপাচার্য নজরুল ইসলাম বলেন, ‘এটা শিক্ষকদের নিজেদের বিষয়। আমি তাঁদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করব এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।’দাবি মেনে নিয়ে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমি তো সরে যেতে চাই। কিন্তু মিথ্যা কোনো অভিযোগের দায়ভার নিয়ে আমি পদত্যাগ করব না। এটা কি মগের মুল্লুক যে মিথ্যা অভিযোগ দেবে আর আমি সরে দাঁড়াব।’শিক্ষার্থীদের আশঙ্কাএদিকে প্রায় দেড় মাস বন্ধ ঘোষণা করায় দেশের শীর্ষস্থানীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। তাই কয়েকজন ছাত্র অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হল বন্ধ না করার দাবির পাশাপাশি ক্যান্টিন খোলা রাখার এবং যাতায়াতের জন্য পরিবহনব্যবস্থা চালু রাখার দাবি জানান।ছাত্রলীগের প্যাডে প্রচারপত্রবিভিন্ন কক্ষে গিয়ে বুয়েট শাখার ছাত্রলীগের প্যাডে প্রচারপত্র বিলি করা হয়। সেখানে লেখা রয়েছে নিষিদ্ধঘোষিত হিজবুত তাওহীদ ও যুদ্ধাপরাধী জামায়াত-শিবির বুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের নীলনকশা প্রণয়ন করেছে। এ অবস্থায় যদি কোনো ছাত্রের বিরুদ্ধে সচেতনভাবে সরকারবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায়, তাহলে ছাত্রলীগ কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।প্রসঙ্গত, নিজেদের মধ্যে মারামারির ঘটনায় বুয়েট ছাত্রলীগের কমিটি সম্প্রতি বিলুপ্ত করা হয়েছে।এ ব্যাপারে উপাচার্য বলেন, এ বিষয়টি তাঁর জানা ছিল না। এখন বিষয়টিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।বুয়েটের বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন করে ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে রেজিস্ট্রার করার উদ্যোগ, শিক্ষক নিয়োগ ও প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণসহ ১৬টি অভিযোগ এনে গত ৭ এপ্রিল থেকে টানা ২৮ দিন কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেন তাঁরা। এরপর দুই মাস পার হলেও সমস্যার সমাধান হয়নি।