ডিপজল কারাগারে, রিমান্ডের শুনানি ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে পুলিশের কর্তব্যে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার মামলায় গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার এবং জামিনের আবেদনের শুনানির জন্য কাল ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।রাজধানীর দারুস সালাম থানার পুলিশ গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে ডিপজলকে ঢাকার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসানের আদালতে হাজির করে। পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ কামরুল হাসান খান আদালতকে বলেন, ১৬ নভেম্বর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করায় গাড়ি আটকালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। তিনি তাঁকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের চেষ্টা করে। পুলিশের অব্যাহত অভিযানের কারণে ১২ দিন পালিয়ে থাকার পর গত রোববার রাতে তিনি থানায় আত্মসমর্পণ করেন।মামলার তদন্ত কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা খান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি ডিপজল পুলিশকে মারধরের পর দলবলসহ আত্মগোপন করেছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাঁর সহযোগী আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।ডিপজলের আইনজীবী আবদুর রাজ্জাক আদালতকে বলেন, আসামি ডিপজল ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করলে মোটরযান আইনে মামলা হবে। কিন্তু মামলা হয়েছে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে। তাঁকে হয়রানির জন্য এ মামলা করা হয়েছে। আসামি একজন চলচ্চিত্র অভিনেতা। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাঁকে জামিনে মুক্তি দেওয়া হলে তাঁর পালানোর সম্ভাবনা নেই।উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১ ডিসেম্বর রিমান্ড ও জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেন এবং ডিপজলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত একই সঙ্গে পুলিশকে শুনানির দিন মামলার কাগজপত্র (সিডি) উপস্থাপনেরও আদেশ দেন। পরে ডিপজলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।