ডিপজলকে গ্রেপ্তারে কয়েক দফা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে চলচ্চিত্র অভিনেতা ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ জন্য গত চার দিনে তাঁর পাঁচটি বাড়িতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। গত মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী তিন রাস্তার মোড়ের সিগন্যালে তাঁর গাড়ি থামানোর কারণে তিনি ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হন। এ ঘটনায় ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গাড়িতে চড়ে বেড়িবাঁধের রাস্তা ধরে গাবতলীর দিকে আসছিলেন ডিপজল। এ সময় গাবতলী তিন রাস্তার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্য আলতাফউদ্দীন গাড়িটি থামানোর সংকেত দেন। কিন্তু গাড়িটি সংকেত না মেনে মূল সড়কে চলে আসে। এ সময় ভিড়ের মধ্যে কনস্টেবল আলতাফ গাড়িটি থামান। ডিপজল এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে এসে তাঁকে মারধর করেন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে গুলি করার হুমকি দেন। পরে মঙ্গলবার বিকেলে কনস্টেবল আলতাফ বাদী হয়ে ডিপজলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে দারুস সালাম থানায় একটি মামলা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, তিন রাস্তার মোড়ে ট্রাফিক সদস্য আলতাফ গাড়িটি থামালে ডিপজল অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ‘জানিস আমি কে, তুই আমারে থামাইস। তোর এত বড় সাহস’—এসব বলতে বলতে ডিপজল গাড়ির জানালা দিয়েই ট্রাফিক সদস্যের ইউনিফর্মের কলার চেপে ধরেন। এরপর তাঁকে চড়-থাপড় এবং পিস্তল বের করে হুমকি দেন। এ অবস্থা দেখে পাশের ফাঁড়ির পুলিশ সদস্যরা এগিয়ে এলে ডিপজল ঘটনাস্থল ত্যাগ করেন।এ ঘটনার পর ডিপজলের খোঁজে গত চার দিনে পাঁচটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক প্রথম আলোকে জানান, গাবতলীর কোটবাড়িতে তাঁর নিজের বাড়ি, পুরোনো ডিওএইচএসে তাঁর ফ্ল্যাট, সাভারের ফুলবাড়িয়ার বাগানবাড়ি, জিঞ্জিরার শ্বশুরবাড়ি ও আদাবরে মেয়ের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এ ছাড়া এফডিসিসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, ডিপজলের অবস্থান জানার জন্য গোয়েন্দারা কাজ করছেন, আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। ডিপজলের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক নাজমুল হুদা খান জানান, ডিপজল পিস্তলের বাঁট দিয়ে কনস্টেবল আলতাফ উদ্দিনকে মারধর করেছেন। এতে তিনি মুখ, ঘাড় ও পিঠে আঘাত পেয়েছেন। তিনি পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডিপজলের বিরুদ্ধে চাঁদাবাজি ও সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। তখন তাঁর গাবতলীর বাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।আবদুল মালেক বলেন, পুলিশের তথ্য অনুযায়ী ডিপজলের কাছে এখনো একটি অস্ত্র রয়েছে।