ডিপজলের এক দিনের রিমান্ড মঞ্জুর
আদালত চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের কর্তব্যে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে গত ২৯ নভেম্বর রাজধানীর দারুস সালাম থানা পুলিশ ডিপজলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। আদালত আজ রিমান্ড শুনানির দিন নির্ধারণ করেছিলেন।আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিপজলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল একজন ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। এ সময় তিনি ওই ট্রাফিক কনস্টেবলকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। ১২ দিন পালিয়ে থাকার পর গত রোববার রাতে তিনি দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।