ডিপজলের চারটি অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন
চলচ্চিত্রাভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের চারটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করেছে পুলিশ। গতকাল সোমবার দারুস সালাম থানার পুলিশ ঢাকার জেলা প্রশাসকের কাছে এ আবেদন করে।পুলিশ সূত্র জানায়, লাইসেন্স করা বৈধ অস্ত্র অবৈধ কাজে ব্যবহার এবং অন্যকে ভয়ভীতি দেখাচ্ছেন, এমন অভিযোগের ভিত্তিতে ডিপজলের অস্ত্রের লাইসেন্স বাতিলের আবেদন করা হয়েছে। তাঁর কাছে লাইসেন্স করা অস্ত্রের মধ্যে একটি শটগান, একটি পিস্তল, একটি রাইফেল ও একটি দোনলা বন্দুক রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় অস্ত্রগুলো সংগ্রহ করেন বিএনপি-সমর্থিত এই ওয়ার্ড কাউন্সিলর।এদিকে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়েও ডিপজলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি থামালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। এ সময় তিনি ওই ট্রাফিক কনস্টেবলকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।পুলিশ জানিয়েছে, গতকালও ডিপজলের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ। তাঁকে ধরতে তাঁর নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের গতিবিধির ওপরও নজর রাখা হচ্ছে। এর আগে রোববার রাতে ডিপজলের খোঁজে উত্তরা ও গাবতলীর তিনটি বাসায় অভিযান চালায় পুলিশ।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ডিপজলের খোঁজে অভিযান অব্যাহত আছে। তাঁর অস্ত্রগুলোর লাইসেন্স বাতিলের জন্য গতকাল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, অস্ত্র আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি (বৈধ) অস্ত্র রাখতে পারেন। বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এর বেশি অস্ত্রেরও লাইসেন্স পেতে পারেন।