ডিপজলের রিমান্ড শুনানি ১ ডিসেম্বর
চলচ্চিত্র-অভিনেতা ও ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের রিমান্ড-বিষয়ক শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। পুলিশের কর্তব্যে বাধা ও হত্যা চেষ্টার অভিযোগে ডিপজলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে রাজধানীর দারুস সালাম থানা পুলিশ। ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান মামলার কাগজপত্রসহ (সিডি) রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন। একই সঙ্গে ডিপজলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।ডিপজলের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করলে আদালত একই দিন শুনানির জন্য ধার্য করেন।১৬ নভেম্বর রাজধানীর গাবতলীতে ট্রাফিক সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় গাড়ি আটকালে ডিপজল এক ট্রাফিক কনস্টেবলকে মারধর করেন। এ সময় তিনি ওই ট্রাফিক কনস্টেবলকে অস্ত্র দেখিয়ে ভয় দেখান বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ট্রাফিক কনস্টেবল মামলা করলে পুলিশ ডিপজলকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে।১২ দিন পালিয়ে থাকার পর গতকাল রোববার রাতে অবশেষে ডিপজল রাজধানীর দারুস সালাম থানায় আত্মসমর্পণ করেন।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, গতকাল রাত পৌনে ১০টার দিকে ডিপজল থানায় এসে আত্মসমর্পণ করেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেন।