ডিপিডিসির চেয়ে এগিয়ে ডেসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ঈদের বন্ধে বিদ্যুতের ক্রেডিট শেষ হয়ে যায়। প্রিপেইড মিটারের নীল বাতি সেই সংকেত দিচ্ছিল। ভাবছিলাম সংযোগ কেটে গেলে কী হবে। কিন্তু বিদ্যুৎ সংযোগ কেটে যায়নি। পরে জানলাম, সরকারি ছুটির দিনে বিদ্যুতের ক্রেডিট শেষ হলেও সংযোগ বন্ধ হয় না। ছুটির পরে রিচার্জ করলে ব্যবহূত ক্রেডিট কেটে নেওয়া হয়। এটা প্রিপেইড মিটারের সবচেয়ে বড় সুবিধা।’ বলছিলেন উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা নাসির উদ্দিন। তাঁর বাসায় ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) লিমিটেড বসিয়েছে প্রিপেইড মিটার।২০০৭ সালে প্রথম পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে উত্তরা মডেল টাউনে ১২ হাজার প্রিপেইড মিটারের সংযোগ দেয় ডেসকো। উত্তরার ১, ৪, ৬, ৮ ও ১০ নম্বর সেক্টরে ডেসকোর গ্রাহকেরা এই প্রকল্পের আওতায় রয়েছেন। ক্রেডিট রিচার্জের জন্য উত্তরার ৬ নম্বর সেক্টরের শাহজালাল এভিনিউ এবং ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে রয়েছে দুটি ‘ভেন্ডিং মেশিন’। অফিসগুলো সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। উত্তরার ১ নম্বর সেক্টরের বাসিন্দা রাশিদা আজিম জানান, প্রিপেইড মিটার বসানোর পর বিদ্যুৎ বিল নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটে দ্বন্দ্ব অনেকটাই মিটে গেছে। নেই ভুতুড়ে বিলের ঝামেলা। কমেছে মিটার রিডারের দৌরাত্ম্যও। পুরো উত্তরায় কেন প্রিপেইড মিটার দেওয়া হচ্ছে না, এই আক্ষেপ অনেকের। এ বিষয়ে উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসিন্দা সাঈদুজ্জামান বলেন, ‘আমরা প্রিপেইড মিটার পাইনি। এই সুবিধা বিস্তৃত করলে ভালো হয়।’এদিকে প্রিপেইড মিটার প্রচলনের ক্ষেত্রে ডেসকোর চেয়ে পিছিয়ে আছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড। তারাও পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে। শ্যামলী ও মগবাজারের দুটি ফিডার এলাকায় প্রিপেইড মিটার বসানোর প্রক্রিয়া চলছে। আরও ছয়টি ফিডার এলাকায় প্রিপেইড মিটার দেওয়ার প্রাথমিক কার্যক্রম চলছে। পরীক্ষামূলক প্রকল্পটির মাধ্যমে সব মিলিয়ে ১০ হাজার প্রিপেইড মিটার দেওয়া হবে বলে ডিপিডিসি সূত্রে জানা যায়। এদিকে বিদ্যুৎ ব্যবহারে হয়রানি ও ভোগান্তি কমাতে পুরান ঢাকার একাধিক বাসিন্দা প্রিপেইড মিটার বসানোর দাবি করেন। এ বিষয়ে লালবাগের হরনাথ ঘোষ রোডের বাসিন্দা আনোয়ারুল কবির জানান, পুরান ঢাকার মানুষ মিটার রিডার ও ভুতুড়ে বিলের দৌরাত্ম্যে অতিষ্ঠ। প্রিপেইড মিটার থাকলে এসব ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়া যাবে।এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান জানালেন, নগরে তাঁদের আওতাধীন সব এলাকা প্রিপেইড মিটারের আওতায় আনতে আরও সময় লাগবে। আপাতত পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চলবে।এদিকে ডেসকো যে ডিপিডিসির আগেই তাদের সব এলাকায় প্রিপেইড মিটার দিতে পারবে, মাঠপর্যায়ের কার্যক্রমে সেটাই দেখা গেছে। ডেসকো গড়ে তুলেছে প্রিপেইড মিটার উৎপাদনকেন্দ্র। মিরপুর-১-এ বুয়েটের আইআইসিটির কারিগরি সহায়তায় সেখানে মিটার তৈরির প্রক্রিয়া চলছে। ডেসকোর প্রিপেইড মিটার উৎপাদনকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, তাঁরা এখানে ৫০ হাজার মিটার উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যে ডেসকো তার সব গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে সক্ষম হবে বলে তিনি মনে করেন।ডিপিডিসি ও ডেসকো সূত্রে জানা যায়, বিদ্যুতের প্রিপেইড মিটারের কারণে তারা বিদ্যুৎ সরবরাহের আগেই টাকা পেয়ে যাবে। এতে তারা লাভবান হবে। তাই প্রিপেইড মিটারের গ্রাহকদের কিছুটা কম মূল্যে বিদ্যুৎ দেওয়ার চিন্তাভাবনাও তাদের আছে।