ডিপিডিসির বকেয়া বিদ্যুৎ বিল ২১৭ কোটি টাকা
সরকার নিজেই বিদ্যুতের বিলখেলাপি। ঢাকা মহানগরের একাংশের খেলাপি বিদ্যুৎ বিলের প্রায় ৮০ ভাগ সরকারি প্রতিষ্ঠানের কাছে। এসব প্রতিষ্ঠানের বার্ষিক বাজেটে বরাদ্দ রাখা হলেও এরা মাসের পর মাস বিল শোধ করে না। অন্যদিকে, আদালতের নিষেধাজ্ঞার কারণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে বিল আদায় করতে পারছে না ডিপিডিসি।বিদ্যুৎ বিলখেলাপি সরকারি ও বেসরকারি ১৫২টি প্রতিষ্ঠানের কাছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সুদসহ পাওনা ২১৭ কোটি টাকা। এর মধ্যে ১২১টি সরকারি প্রতিষ্ঠানের কাছে পৌনে ২০০ কোটি এবং বাকি টাকা পাওনা ৩১টি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে। এসব পাওনা আদায়ের জন্য বিলখেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিলখেলাপিদের এই তালিকা পাঠাচ্ছে ডিপিডিসি। মন্ত্রণালয়ের নির্দেশের পর বিলখেলাপিদের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, সাধারণত এক মাসের বিল বকেয়া হলেই বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার কথা। কিন্তু বিভিন্ন কারণে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা যায় না। তারা বাজেট ও বিল পাস না হওয়ার কথা বলে। কিন্তু তারা প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত চেয়েছি। মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেব।’ সরকারি শীর্ষ বিলখেলাপি: সরকারের ১২১টি প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ বিলখেলাপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা। ওয়াসার অধীনে ৩৮টি প্রতিষ্ঠানের কাছে ডিপিডিসির মোট পাওনা ৪০ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকা। দ্বিতীয় অবস্থানে আছে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর। এই অধিদপ্তরের অধীনে ২১টি প্রতিষ্ঠানের কাছে মোট পাওনা ২৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৮২ টাকা। এরপর যথাক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আটটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৬৫৬ টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ননবেঙ্গলি রিলিফ ক্যাম্পের কাছে পাওনা আট কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৩৬৬ টাকা। ঢাকা সিটি করপোরেশনের অধীন আটটি প্রতিষ্ঠানের কাছে পাওনা ছয় কোটি ২১ লাখ ৬৩ হাজার ৬৭৮ টাকা। কারিগরি শিক্ষা বোর্ড ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পাওনা দুই কোটি ৫৫ লাখ ছয় হাজার ৭৬৬ টাকা। সায়েদাবাদ পানি শোধনাগার কর্তৃপক্ষের কাছে পাওনা দুই কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৮২৭ টাকা। বাংলাদেশ বেতারের কাছে এক কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৬৯ টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুটি প্রতিষ্ঠানের কাছে পাওনা এক কোটি ৮৫ লাখ পাঁচ হাজার ৮০৮ টাকা। সুপ্রিম কোর্টের কাছে পাওনা এক কোটি ৪৬ লাখ ছয় হাজার ৮৬৩ টাকা। যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ৬৬ লাখ ৩৮ হাজার ৯৪৩ টাকা, বাংলাদেশ টেলিভিশনের কাছে ৫৫ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে ৫১ লাখ ৫৭ হাজার ৫১৬ টাকা পাওনা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন পাঁচটি প্রতিষ্ঠানের কাছে পাওনা পাঁচ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৩৫৯ টাকা।বেসরকারি শীর্ষ প্রতিষ্ঠান: মেসার্স আফসার ড্রাম ফ্যাক্টরির কাছে পাওনা ছয় কোটি ৫৫ লাখ ২৭ হাজার ৬১ টাকা, মেসার্স হোসেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছে চার কোটি ২২ লাখ ৫৩ হাজার ৯৭০ টাকা, মেসার্স ফেমাস স্টিল লিমিটেডের কাছে দুই কোটি ৪০ লাখ এক হাজার ২৯৭ টাকা, মেসার্স গোল্ডেন রি-রোলিং মিলসের কাছে দুই কোটি ৮২ লাখ ৬২ হাজার ৭৮০ টাকা, মেসার্স শাহ ফতুল্লা রি-রোলিং মিলসের কাছে দুই কোটি ২৭ লাখ ৭৮ হাজার ৮১৮ টাকা, মেসার্স সাফকাত স্পেশালাইজড স্টিল মিলের কাছে দুই কোটি ৫১ লাখ এক হাজার ২৫০ টাকা, আল আমিন মেটাল অ্যান্ড রি-রোলিং মিলসের কাছে এক কোটি ২৮ লাখ সাত হাজার ৭২ টাকা, মেসার্স ঢাকা ভেজিটেবল অয়েল লিমিটেডের কাছে এক কোটি ৫০ লাখ ৩৮ হাজার ১২৮ টাকা, পদ্মা পলি কটন নিট ফেব্রিকসের কাছে ৮৬ লাখ ৪০ হাজার ১৪৯ টাকা, খিলগাঁওয়ের আশরাফ কামাল পাশার কাছে ৭৪ লাখ ৭৯ হাজার ৫৪১ টাকা এবং আজিজ কো-অপারেটিভ হাউজিংয়ের কাছে পাওনা ৬১ লাখ ৯৪ হাজার ৩৬০ টাকা। ডিপিডিসির একজন পরিচালক বলেন, ‘বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিল না দিয়ে আদালতের নিষেধাজ্ঞা এনে বসে থাকে। তবে বকেয়া আদায়ের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রত্যেক বিভাগের প্রধানদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রতি মাসে কিছু কিছু আদায়ও হচ্ছে। আশা করছি আগামী জুন মাসের মধ্যে খেলাপি গ্রাহকেরা অধিকাংশ বিল পরিশোধ করবেন।’