২৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ডিপো থেকে জারে ঢুকেই হয়ে যাচ্ছে সুপেয় পানি
রাজধানীর মতিঝিলসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার সকালে ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জার পানি জব্দ করেছেন। লাইসেন্স, স্টিকার এবং পানির মান পরীক্ষা করে মাত্র তিনটি প্রতিষ্ঠানের কাগজপত্র ও পানির গুণাগুণ সঠিক পাওয়া গেছে। নামপরিচয়বিহীন অনেক প্রতিষ্ঠান জারে পানি ভরে বাজারজাত করছে। আবার কেউ কেউ জারে ডিপোর অপরিশোধিত পানি ভরে কোনো প্রতিষ্ঠানের নাম ছাড়াই সুপেয় পানি হিসেবে বাজারে বিক্রি করছে।সুপেয় পানির উৎপাদন ও বাজারজাত করার আগে বাধ্যতামূলক ৩০টি পরীক্ষা করা হয়। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে বিএসটিআই সংশ্লিষ্ট কোম্পানিকে লাইসেন্স দেয়। গতকাল অভিযানের সময় বিএসটিআইয়ের লাইসেন্সধারী আটটিসহ লাইসেন্সবিহীন আরও ১৬টি প্রতিষ্ঠানের পানিতে ক্ষারের পরিমাণ বেশি পাওয়া যায়। এই অপরাধে মোট ২৪টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় চারজনকে মতিঝিল থানায় সোপর্দ করা হয়।বিএসটিআই সূত্রে জানা গেছে, পানিতে অম্ল ও ক্ষারের গ্রহণযোগ্য মাত্রা ৬ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৪। কিন্তু বেশির ভাগ পানিতে ক্ষারের পরিমাণ বেশি পাওয়া গেছে। পানি পরিশোধনের যন্ত্র পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ক্ষারের পরিমাণ বেড়ে গেছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জরিমানা করা বিএসটিআইয়ের লাইসেন্সধারী আট প্রতিষ্ঠানের মধ্যে রাজীব এন্টারপ্রাইজকে ২০ হাজার, ইউনিটিকে ৩০ হাজার, নোয়াখালী ফুড অ্যান্ড বেভারেজকে ৩০ হাজার ও ড্রিংকস ওয়াটারকে ২৫ হাজার, জান পিউর ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার, লাইফ ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার, চয়েস ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার ও মিনা ফ্রেশ ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শেষ চারটি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি।লাইসেন্সবিহীন ১৬ প্রতিষ্ঠানের মধ্যে এক্সিম ফ্রেশ ওয়াটারকে ৫০ হাজার, থাই অ্যাক্ট কর্নারকে ৫০ হাজার, এ-ওয়ান ড্রিংকিং ওয়াটারকে ৪০ হাজার, রিফাত ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার, নিধি ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার, ইউ-রি এন্টারপ্রাইজকে ৩০ হাজার, সুপার পিউর ড্রিংকিং ওয়াটারকে ২০ হাজার, সেইফ ওয়াটারকে ৫০ হাজার ও হূদম ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিপোর পানি জারে ভরে বিক্রি করায় রুবেলকে ২০ হাজার, স্টিকার ছাড়া পানি বিক্রির দায়ে ইয়াদ আলীকে ৪০ হাজার, শরিফুল ইসলামকে ২০ হাজার, আবদুল আলীমকে ৩০ হাজার, ইকবাল হোসেনকে ২০ হাজার, আবদুল মজিদকে ২০ হাজার ও রেজাউলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন বলেন, এসব প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জার পানি উপস্থিত লোকজনের সামনে ধ্বংস করা হয়েছে। বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও র্যাব-৩-এর একটি দল অভিযানে আদালতকে সহায়তা করে।চট্টগ্রামে ঢেউটিন কারখানাকে জরিমানা: সমুদ্র ও নদীদূষণের দায়ে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরার কে আই ওয়াই স্টিল নামের একটি ঢেউটিন কারখানাকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের ঢাকার পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ জরিমানা করেন। কে আই ওয়াই স্টিল কেডিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত কে আই ওয়াই স্টিল পরিবেশ অধিদপ্তরের অনুমতি ও ছাড়পত্র ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে উৎপাদন চালাচ্ছিল। প্রতি মাসে এক হাজার ৩০০ মেট্রিক টন ঢেউটিন উৎপাদনে সক্ষম প্রতিষ্ঠানটি পরিবেশ সংরক্ষণ আইনে ‘লাল’ শ্রেণীভুক্ত। প্রতিষ্ঠানটির বর্জ্য পরিশোধন প্লান্ট নেই। এতে সাগরের পানি দূষিত হচ্ছে। ২০০৭ সালের ৮ নভেম্বর পরিবেশ অধিদপ্তর কারখানা কর্তৃপক্ষকে বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনের নোটিশ দিলেও তারা তা মানেনি বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়।