ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন হয়নি: প্রেসনোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার কোনো পরিবর্তন করা হয়নি। তাঁরা অতীতে যে পদমর্যাদা ভোগ করছিলেন, বর্তমানেও তা ভোগ করছেন এবং ভবিষ্যতেও করবেন। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা অবনমন করা হয়েছে—এমন একটি গুজবে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সরকার প্রেসনোট জারি করে এ কথা জানিয়েছে। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এই প্রেসনোটে বলা হয়, ‘সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে .স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে বিভ্রান্ত হয়ে পলিটেকনিক ছাত্ররা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।’ এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় সরকার সারা দেশে পলিটেকনিক ছাত্রদের এ ধরনের গুজবে কান না দিতে পুনরায় আহ্বান জানাচ্ছে। যারা এ ধরনের গুজবের জন্ম দিয়ে জানমালের ক্ষতি করতে পলিটেকনিক ছাত্রদের উস্কানি দিচ্ছে, তাদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করা হয়েছে।’এদিকে কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটে গতকাল শনিবারও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাঁরা আগারগাঁও এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন। পরে মুঠোফোনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিছক গুজব। শিক্ষাসচিবের আশ্বাসে তাঁরা শান্ত হন। জানতে চাইলে শিক্ষাসচিব প্রথম আলোকে বলেন, ‘একটি গুজবের ভিত্তিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আমরা আবারও বলছি, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার কোনো পরিবর্তন করা হয়নি।’ তিনি বলেন, ‘কেন এমন ধরনের ঘটনা ঘটছে, এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ এর আগে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সংঘটিত ঘটনার কারণ অনুসন্ধান, ঘটনার উৎপত্তি এবং এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য গত শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটি এখনো কাজ শুরু করতে পারেনি। জানতে চাইলে কমিটির প্রধান আতোয়ার রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঢাকার বাইরে ছিলাম। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি কমিটি গঠনের কথা। আজ রোববার কাজ শুরু করব।’ গুজবে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি আইডিইবি নেতাদের আহ্বান: গুজবের ভিত্তিতে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো ছাত্র-আন্দোলনের মাধ্যমে অশান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) নেতারা। তাঁরা গুজবে বিভ্রান্ত না হয়ে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে ফিরে গিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। গতকাল সাত দফা দাবি নিয়ে আয়োজিত এক যৌথ সভা থেকে সংগঠনের নেতারা এই পরামর্শ দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ভিত্তিহীন সংবাদের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীদের উত্তেজিত করে আইডিইবির মূল আন্দোলনকে একটি কুচক্রী মহল ভিন্ন পথে ধাবিত করার অপকৌশল গ্রহণ করেছে। নেতারা এ ধরনের ঘটনার পেছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করে দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।