ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তিত হয়নি
ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার কোনো পরিবর্তন করা হয়নি। তাঁরা অতীতে যে পদমর্যাদা ভোগ করছিলেন, বর্তমানেও তা ভোগ করছেন এবং ভবিষ্যতেও তা ভোগ করতে থাকবেন।ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা পরিবর্তন করা হয়েছে—এমন একটি গুজবে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার সরকার প্রেস নোট দিয়ে এ কথা জানিয়েছে।তথ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস নোটে বলা হয়, ‘সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত গুজবে বিভ্রান্ত হয়ে পলিটেকনিক ছাত্ররা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।’এর আগে গত বৃহস্পতিবার তথ্য বিবরণীর মাধ্যমে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, ‘ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার কোনো পরিবর্তন করা হয়নি। তাঁরা অতীতে যে পদমর্যাদা ভোগ করছিলেন, বর্তমানেও তা ভোগ করছেন এবং ভবিষ্যতেও তা ভোগ করতে থাকবেন। এ অবস্থায় সরকার সারা দেশে পলিটেকনিক ছাত্রদের এ ধরনের গুজবে কান না দিতে আবারও আহ্বান জানাচ্ছে। যারা এ ধরনের গুজবের জন্ম দিয়ে জানমালের ক্ষতি করতে পলিটেকনিক ছাত্রদের উসকানি দিচ্ছে, তাদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করা হয়েছে।’