ডিফেন্ডার ক্রিসকে পাচ্ছে না লিঁও
আঘাতের কারণে মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে খেলা অনিশ্চিত অলিম্পিক লিঁওর ডিফেন্ডার ক্রিসের। এদিকে গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ান গিগসের জোড়া গোলের সুবাদে টটেনহামের বিপক্ষে ওয়েন রুনিকে ছাড়াই ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানইউর ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন জানিয়েছেন, কুঁচকির আঘাতের জন্য খেলতে পারেননি রুনি। অলিম্পিক লিঁওর কোচ ক্লড পুয়েল শনিবার বলেন, ‘ক্রিস উরু ও হাঁটুর সমস্যায় ভুগছেন। মঙ্গলবারের ম্যাচে সে অনিশ্চিত।’ ক্রিসের অনুপস্থিতিতে বড় ধরনের ধাক্কা খেতে পারে লিঁওর ডিফেন্স। কারণ, প্রথম লেগে জেরেমি তুলালান লাল কার্ড দেখেছেন। ওই ম্যাচে লিঁওর বিরুদ্ধে ১-০ ব্যবধানে জেতে বায়ার্ন মিউনিখ। আঘাতের কারণে ওই খেলায় মাঠ ছাড়তে হয়েছিল ম্যাথু বডমারকে।