ডিবি কার্যালয়ে মুজাহিদ ও সাঈদীর জিজ্ঞাসাবাদ চলছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান আজ বিকেল চারটার দিকে তাঁদের নিয়ে আসেন।এ বছর ১৭ ফেব্রুয়ারি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মহানগর পুলিশের মিডিয়া এবং কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, থানায় জায়গার অভাবে ওই দুজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা মামলার সুবিধার্থে যেকোনো জায়গায় জিজ্ঞাসাবাদ করতে পারেন।গতকাল আদালত উত্তরার একটি, পল্টন থানায় তিনটি, রমনা থানায় দায়ের করা একটিসহ মোট পাঁচটি মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ১৬ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।