ডিবি কার্যালয়ে ‘সেই’ বাসচালক
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাসচালক জামির হোসেনকে গতকাল রোববার দিবাগত রাতে মেহেরপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই দুর্ঘটনায় বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।আজ সোমবার দুপুরে জামিরকে ঢাকায় ডিবি কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ওইদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ঢাকা থেকে বাস নিয়ে আরিচার দিকে যাচ্ছিলাম। বিপরীত দিক থেকে একটি একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। তখন রাস্তায় অন্য গাড়ি ছিল না। তাই ওভারটেকের প্রশ্নও আসে না।’ চালক দাবি করেন, ‘মাইক্রোবাসটি রাস্তার সাদা দাগ অতিক্রম করে ডান দিকে গিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগায়।’ বৃষ্টির কারণে মাইক্রোবাসের চালক রাস্তার মাঝ দিয়ে আসছিল বলে তিনি মনে করেন।মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) আশরাফ-উল-ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল জামিরকে গতকাল রাত ১২টার দিকে মেহেরপুরের গাংনী থেকে গ্রেপ্তার করে। জামির শহরের চৌগাছা এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় লুকিয়ে ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।আশরাফ আরও জানান, গতকাল সন্ধ্যায় তাঁর নেতৃত্বে মানিকগঞ্জ ডিবি পুলিশের পাঁচ সদস্যের অপর একটি দল জামিরকে গ্রেপ্তার করতে চুয়াডাঙ্গায় তাঁর গ্রামের বাড়িতে অভিযান চালায়। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। আশরাফ বলেন, ‘জামিরকে মানিকগঞ্জে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। মানিকগঞ্জে নিয়ে আসার পর তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।’উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার মানিকগঞ্জের ঘিওরে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ডিলাক্স পরিবহনের চালক জামির পালিয়ে যান।