ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ১১
জনা দশেক লোকের একটি দল, হাতে পুলিশের মতো ওয়্যারলেস সেট ও হাতকড়া। গোয়েন্দা পুলিশ (ডিবি) সেজে তারা বসে থাকে মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলোর সামনে। কেউ ডলার ভাঙাতে এলেই পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয় গাড়িতে। দরকার হলে পরিয়ে দেয় হাতকড়া। এরপর গাড়িটি এদিক-সেদিক ঘুরিয়ে টাকাপয়সা কেড়ে নিয়ে নামিয়ে দেয় রাস্তায়।মিরপুর থানার পুলিশ গত শনিবার ১০ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এ চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহূত দুটি গাড়ি, একটি ওয়্যারলেস সেট, র্যাব লেখা দুটি হাতকড়া ও একটি মুঠোফোন।পুলিশ জানায়, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তারা জানতে পারে, মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ডিবি পুলিশ সেজে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর সাদা পোশাকে পুলিশের একটি দল পশ্চিম শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইকারী দলের নেতা কাজী ইউসুফ (৫০), শহীদুল ইসলাম (৩৬), দুলাল মিয়া (৩৫) ও সিরাজুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহার করা একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর রমনা পার্কের সামনে আটক করা হয় তাঁদের দলের সদস্য নান্নু মিয়া (৩৬), শেখ জাবেদ (৩২), আবু সাঈদ (৩২), সেলিম (২৮) ও মামুন মিয়া (৩০)। পরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে দলনেতা শাহ আলম শিকদার (৩৩) ও তাঁর সহযোগী নাসিরউদ্দিনকে (২৭) গ্রেপ্তার করা হয়। শাহ আলমের বাসা থেকে ছিনতাইয়ে ব্যবহূত দুটি হাতকড়া, একটি ওয়্যারলেস সেট, ওয়্যারলেস সেটের চার্জার ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের জন্য ওই চক্রের তিনটি উপদল আছে। একটি দল মতিঝিল ব্যাংকপাড়া, বিভিন্ন মানি এক্সচেঞ্জ ও ট্রাভেল এজেন্সির সামনে অবস্থান নিয়ে ডলার ভাঙানো ও হুন্ডি ব্যবসায়ীদের ব্যাপারে তথ্য জোগাড় করে। সেই তথ্যের ভিত্তিতে আরেকটি দল অবৈধ মালামাল আছে বলে চিহ্নিত লোকদের ডিবি অফিসে যেতে হবে জানিয়ে আটক করে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। এরপর ওয়্যারলেস সেটে কথা বলছে এমন ভাব দেখিয়ে ব্যবসায়ীদের ভয় দেখায়। পরে টাকাপয়সা হাতিয়ে নিয়ে তাঁদের রাস্তায় নামিয়ে দেয়। তাদের আরেকটি দল বিদেশি মুদ্রা ভাঙানোর কাজ করে।ওসি জানান, হুন্ডি ব্যবসা অবৈধ বলে অনেকে ছিনতাইকারীর হাতে সবকিছু হারিয়েও থানায় অভিযোগ করে না।ছিনতাইকারীদের দলনেতা কাজী ইউসুফ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রথম আলোকে বলেন, গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার খানপুরে তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। সেখানে তিনি জমি কেনাবেচায় মধ্যস্থতা করতেন। তিন মাস আগে তাঁর মামা শহীদুলের প্রলোভনে বেশি আয়ের লোভে তিনি এ পথে আসেন। তৎকালীন দলনেতা শাহ আলম কিছুদিন আগে দুবাইয়ে চলে গেলে তিনি দলের দায়িত্ব পান। ওয়্যারলেস সেটটি শাহ আলম তাঁকে দিয়েছেন বলে তিনি জানান। এ ছাড়া তাঁর মামা শহীদুল টাকা ভাঙানোর দলের প্রধান। ছিনতাই করা টাকা সমান ভাগ করে নেওয়া হয়।গ্রেপ্তার হওয়া ইউসুফ জানান, তিনি প্যান্ট, শার্ট ও টাই পরে অভিযানে নেতৃত্ব দিতেন। তাঁরা ১১ জনই সব সময় অভিযানে নামেন। এ সময় কাউকে ‘এসি ডিবি’ (সহকারী কমিশনার) বলে পরিচয় দেন। তাঁদের এসি ডিবি ছিনতাইয়ের শিকার ধরার সময় গাড়িতে বসে থাকেন। তিনি পুলিশের এমন চারটি ঘটনার কথা স্বীকার করেন।টাকা ভাঙানো দলের প্রধান শহীদুল জানান, তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাপুরের মাধবখালীতে। তাঁর দায়িত্ব হলো ছিনতাই হওয়া বিদেশি মুদ্রা সুষ্ঠুভাবে ভাঙানো। ছিনতাই হওয়া ২৭ হাজার ৮২০ মার্কিন ডলার তিন দিন আগে নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি মানি এক্সচেঞ্জ থেকে ভাঙান বলে স্বীকার করেন।ছিনতাইকারী চক্রের সদস্য নান্নু মিয়া জানান, নগরের কচুক্ষেত থেকে তাঁরা হাতকড়া কেনেন। হাতকড়ার ওপর খোদাই করে ‘র্যাব’ লিখে নেন। তাঁর হাতে ওয়্যারলেস সেট থাকত বলে তাঁর সাংকেতিক চিহ্ন ছিল ‘আর্মি’। দলনেতা ইউসুফকে তাঁরা ‘বস’ বলে লোকের কাছে পরিচয় দেন। গ্রেপ্তার হওয়া সাঈদ জানান, রমনা পার্কে ইউসুফের সঙ্গে তাঁদের পরিচয় হয়। গাড়িচালক সিরাজুল ইসলাম জানান, রেন্ট-এ-কারে দৈনিক তিন হাজার টাকার বিনিময়ে গাড়ি ভাড়া নেওয়ার পর তিনি গাড়ি চালাতেন।মিরপুর থানার ওসি জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।