ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইকালে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান এভিনিউ এলাকায় আজ বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারী ধরা পড়েছে। পুলিশ তাদের কাছ থেকে এক জোড়া হাতকড়া, ছুরি, খেলনা পিস্তল উদ্ধার করেছে। আটক তিন ছিনতাইকারীর নাম: শামসুল হক ওরফে বাবু ওরফে সাগর (৩০), আনোয়ার হোসেন (২৮) ও মিলন মিয়া (২৮)।গুলশান থানা সূত্র জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান এভিনিউ এলাকার ১১৩ নম্বর সড়কের একটি ব্যাংক থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি ১৫ হাজার টাকা তোলেন। ব্যাংক থেকে বের হলে ছয়জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে আটক করেন। একপর্যায়ে তাঁরা হাবিবুর রহমানকে মাইক্রোবাসে উঠিয়ে মারধর করে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন। কিছুক্ষণ পর ওই ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে এক্সিম ব্যাংকের গুলশান এভিনিউ শাখার সামনে আরেক ব্যক্তিকে আটক করেন। তাঁরা ওই ব্যক্তিকে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন। এ সময় তাঁর চিত্কারে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে এসে ডিবি পুলিশের পরিচয়ধারী ছিনতাইকারী শামসুল হক, আনোয়ার হোসেন ও মিলন মিয়াকে আটক করে। অন্য তিনজন হাবিবুর রহমানের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের কাজে ব্যবহূত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলে ডটকমকে বলেন, আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।