ডিবির অভিযানে ১০ চোরাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল চুরি যাওয়া ১০টি গাড়ি উদ্ধার করেছে। এর সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে রাজধানীর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইকবাল হোসেন (২৩), নাদিম (২৭), যুবরাজ ওরফে রনি ওরফে রাব্বি (২৮), খোকন মিয়া (৪০) ও মোস্তফা (৩০)।অভিযান পরিচালনাকারী ডিবির গাড়িচুরি প্রতিরোধ দলের কর্মকর্তা সহকারী কমিশনার মোকলেছুর রহমান জানান, সেল বাজার ও দালালের মাধ্যমে এসব চোরাই গাড়ি বিক্রি করা হতো। যারা গাড়িগুলো কিনত তারা বুঝতেও পারত না। গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে চারজনই আগে গাড়িচুরির মামলায় গ্রেপ্তার হয়েছিল। সম্প্রতি তারা ছাড়া পেয়ে আবার গাড়িচুরিতে জড়িয়ে পড়ে।গ্রেপ্তার ইকবাল ও মোস্তফা জানান, তাঁরা বিভিন্ন সিএনজি স্টেশন ও গাড়ি পার্কিং এলাকায় চালকের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। তারপর চুরি করতেন। বিআরটিএর কর্মকর্তাদের যোগসাজশে কাগজপত্র তৈরি করে সেল বাজার ও দালালের মাধ্যমে সেগুলো বিক্রি করা হতো।