ডিবির তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন পরিদর্শকের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ৬ অক্টোবর জুয়েল নামের এক প্রতারকের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, শীর্ষ স্থানীয় কর্মকর্তারা আজ মঙ্গলবার ডিবির তিন পরিদর্শক মো. রুহুল আমিন, মো. শফিউদ্দিন শেখ ও মো. গিয়াসউদ্দিনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। এখন তিন পরিদর্শক ডিবিতেই কাজ করবেন। জানা গেছে, গত শনিবার রাজারবাগে পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে চোখে গুরুতর আঘাত পাওয়া শফিউদ্দিন শেখকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিত্সা দেওয়া হচ্ছে। সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক মঞ্জুর আহমেদ ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ রাজারবাগ হাসপাতালে চিকিত্সাধীন আহত ডিবির তিন পরিদর্শককে দেখতে যান। আহত হওয়ার ঘটনায় তাঁরা দুঃখ প্রকাশ করেন এবং ডিবি কর্মকর্তাদের প্রতি সহানুভূতি জানান। এরপর মানবিক কারণে তাঁদের সাময়িক বরখাস্ত হওয়ার আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং অন্যটি পুলিশের পক্ষ থেকে। দুটি কমিটিরই সদস্য ডিএমপির যুগ্ম কমিশনার ও ডিবির প্রধান মীর শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি কমিটিরই তদন্ত একসঙ্গে চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে যাঁর অভিযোগের ভিত্তিতে ডিবির তিন পরিদর্শক আটক হয়েছিলেন, সেই জহিরুল ইসলাম ওরফে জুয়েলের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হলেও পুলিশ আট দিনেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, জুয়েলের গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে প্রতারক জুয়েলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এনএসআইয়ের একটি দল ডিবির তিন পরিদর্শককে আটক করে এবং পরে তাঁদেরকে সাময়িক বরখাস্ত করা হয়। আটকের পর আহত ওই তিন কর্মকর্তাকে রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়।