ডিবির তিন পরিদর্শক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন পরিদর্শককে গতকাল বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন, ডিবির দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার দলের মো. রুহুল আমিন, মো. গিয়াসউদ্দিন ও বোমা নিষ্ক্রিয়করণ দলের শফিউদ্দিন শেখ।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, একটি গোয়েন্দা সংস্থার অভিযোগের ভিত্তিতে ওই তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে ডিবির যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলামকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সূত্র জানায়, গতকাল সকালে তাদের কাছে খবর আসে ডিবি পুলিশের একটি দল হলি ফ্যামিলি হাসপাতালের সামনে প্রতারক চক্রের কাছ থেকে ঘুষ নেবে। এ খবরের ভিত্তিতে বেলা সোয়া একটার দিকে সংস্থার এক দল কর্মী সেখানে অবস্থান নেয়। ডিবির ওই তিন পরিদর্শক সেখানে যান এবং প্রতারক চক্রের সদস্যরা কথা বলার একপর্যায়ে তাঁদের এক লাখ টাকা ঘুষ দেয়। এনএসআইয়ের কর্মীরা নিজেদের পরিচয় দিয়ে ডিবির ওই তিন পরিদর্শককে টাকাসহ আটক করে সংস্থার কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন। পরে সংস্থার কর্মকর্তারা বিষয়টি ডিবির যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলামকে জানান। ডিবির একটি দল এসে ওই তিন পরিদর্শককে বেলা তিনটার দিকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যায়। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। পরে বিকেলে ওই তিন পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।ডিবির অবৈধ অস্ত্র উদ্ধার ও বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান জ্যেষ্ঠ সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ডিবির ওই তিন পরিদর্শক বিষয়টি মধ্যস্থতা করতে প্রতারকচক্রের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল, প্রতারকচক্রের কাছ থেকে টাকা উদ্ধার করে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া। ঘটনার সময় তিনি ওই স্থানে ছিলেন না।ছানোয়ার হোসেন বলেন, ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তদন্তও হচ্ছে। তিনি বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ ঠিক নয়। বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। এর আগে ডিবি অনেক প্রতারককে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে টাকা উদ্ধার করে প্রতারিত ব্যক্তিদের ফিরিয়েও দিয়েছে।ডিবির কর্মকর্তারা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ওই তিনজন বলেছেন ঘুষ নিতে নয়, প্রতারিত ব্যক্তিকে টাকা ফেরত পাইয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করতে তাঁরা সেখানে গিয়েছিলেন।ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।