সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানিয়ে হাইকোর্টের কাছে প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার বিকেলে এ প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, আজ বিকেলে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, বিকেলে ডিবির প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি কাল বৃহস্পতিবার সরাসরি আদালতের কাছে জমা দেওয়া হবে। তার আগে এর বিষয়বস্তু সম্বন্ধে জানার কোনো সুযোগ নেই।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে এই হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন।গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ওই হত্যার কারণ উদঘাটনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। প্রাথমিক শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি ওই বেঞ্চ রুল জারির পাশাপাশি ও অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।সাগর-রুনি হত্যার কারণ উদঘাটন এবং খুনিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, ডিএমপির গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।