পুলিশের দাবি, নিহতরা ট্রান্সফরমার ডাকাত চক্রের সদস্য
ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গতকাল বৃহস্পতিবার ভোররাতে তিন যুবক নিহত হয়েছেন। রাজধানীর উত্তরার অদূরে তুরাগ থানার দিয়াবাড়ীর চণ্ডালভোগ এলাকায় এ ঘটনা ঘটে।ডিবির কর্মকর্তারা দাবি করেন, নিহত যুবকেরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিদ্যুতের ট্রান্সফরমার ডাকাতিতে জড়িত এই চক্রকে ধরতে গেলে তারা ডিবির সদস্যদের ওপর গুলি করে। এরপর উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সেলিম মিয়া (৪২), জাকির হোসেন ও সাজিদ হোসেন নিহত হন। ঘটনাস্থল থেকে ডিবি ছয়জনকে গ্রেপ্তার করে।ডিবির দাবি, নিহত ও গ্রেপ্তার হওয়া সবাই ট্রান্সফরমার ডাকাত দলের সদস্য। এর মধ্যে নিহত সেলিম মিয়া ডাকাত দলের প্রধান, জাকির তাঁর সহোদর। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার নিলক্ষ্মীতে। তবে থাকতেন গাজীপুরের কোনাবাড়ীতে। নিহত সাজিদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জে। তিনি থাকতেন কোনাবাড়ীর বাইমাইলে।এর আগে ৩ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রান্সফরমার ডাকাত দলকে তাড়া করতে গিয়ে তাদের হামলায় নিহত হন ডিবির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম। এ ঘটনার ১০ দিনের মাথায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হন। তাঁরা ওই পুলিশ কর্মকর্তা হত্যায় জড়িত বলে পুলিশ সূত্র জানিয়েছে।ঘটনার বিবরণ: এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ একটি দল তুরাগ থানার দিয়াবাড়ীতে বিদ্যুতের ট্রান্সফরমার ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমানের নেতৃত্বে ডিবির কয়েকটি দল গতকাল ভোর চারটার দিকে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ডিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ডিবির সদস্যরা পাল্টা গুলি চালান। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শেষে ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর সময় সুরুজ, সুজন, হীরা, হাফিজ, লাল মিয়া ও রাজুকে গ্রেপ্তার করে ডিবি। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। গ্রেপ্তার থাকা ছয়জন নিহতদের পরিচয় নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, রিভলবারের ছয়টি ও পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের ব্যবহূত একটি পিকআপ আটক করা হয়। পিকআপটি থেকে কাঠের ভুসি, ভাঙা ইট, কাটার, ছুরি ও রামদা উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধের সময় ডিবির এডিসি মশিউর, সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইসহাক ও হারুন অর রশীদ আহত হন।তবে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জিয়াউল করিম প্রথম আলোকে বলেন, ডিবি দিয়াবাড়ীর চণ্ডালভোগে পুলিশের গাড়ি দিয়ে ডাকাতদের পিকআপ আটকানোর চেষ্টা করে। তখন পুলিশের গাড়ির সঙ্গে পিকআপের ধাক্কা লাগে। এরপর ডিবির সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চণ্ডালভোগে সিরাজুল ইসলামের বাড়ির সামনে দুটি স্থানে ঘাসের ওপর ছোপ ছোপ রক্ত। রাস্তার ওপর পড়ে আছে কাচের টুকরা। সেখানকার চা-দোকানি আকাশ মিয়া বলেন, ভোর চারটার দিকে তিনি ৩০-৩৫টি গুলির শব্দ শুনেছেন। শব্দ থেমে গেলে দোকান থেকে বেরিয়ে দেখেন তিন ব্যক্তির নিথর দেহ পড়ে আছে।একই এলাকার এক সিমেন্ট দোকানের কর্মচারী সজীব হোসেন জানান, ভোররাতে তিনি অনেক গুলির শব্দ শোনেন। পরে এসে দেখেন দুটি লাশ মাটিতে এবং একটি লাশ নীল রঙের পিকআপের সামনে পড়ে আছে।গত রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনটি লাশই ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল। লাশ নিতে কেউ আসেনি।ডিবির সংবাদ ব্রিফিং: এ ঘটনায় দুপুরে মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিং করেন। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি গজারিয়ায় ট্রান্সফরমার ডাকাত দলের হাতে ডিবির এসআই শরিফুল ইসলাম নিহত হন। তখন ডাকাত চক্রের ব্যবহূত ট্রাকের চালক শিপনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তথ্য নিয়ে স্থানীয় পুলিশ ও ডিবির কয়েকটি দল সংঘবদ্ধ ডাকাত চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। পরে চক্রটির দুই সদস্য জুয়েল ও আনোয়ারকে ধরা হয়। তাঁরা গত বুধবার নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।মনিরুল ইসলাম বলেন, ডিবি কৌশল অবলম্বন করে বুধবার গভীর রাতে নিশ্চিত হয় যে ডাকাত চক্রটি দিয়াবাড়ীতে অবস্থান করছে। আটক ডাকাতেরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দুই ভাই সেলিম ও জাকিরের নেতৃত্বে চক্রটি দেশের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার চুরি করে গাজীপুরের একটি কারখানায় বিক্রি করত। গত বছর ময়মনসিংহের ত্রিশালে সেলিমের নেতৃত্বে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তাঁর চার সহযোগী গণপিটুনিতে মারা যান।সংবাদ ব্রিফিংয়ে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমানও উপস্থিত ছিলেন।