প্রতি কেজি বেগুনের দাম মানভেদে ২৪ থেকে ৪০ টাকা ছিল গত মাসে। আর গতকাল এই বেগুন বিক্রি হয়েছে ৪০ থেকে ৬০ টাকা কেজি।সরকারের কৃষি বিপণন অধিদপ্তরই এ তথ্য জানাচ্ছে। সংস্থাটি বলছে, এক মাসের ব্যবধানে বেগুনের দাম বেড়েছে ৫৬ শতাংশ।এক সপ্তাহে শসার দামও বেশ বেড়েছে। তবে কাঁচাবাজারের অন্য পণ্যগুলোতে খুব একটা আগুন লাগেনি। আর ডিম, মুরগি ও ডালের বাজার তো ঈদের পর থেকেই অস্থির। অবস্থার কোনো পরিবর্তন নেই। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও তা সাধারণ মানুষের হাতের নাগালে নেই।এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয় আবারও ডিম আমদানি উন্মুক্ত করে দিয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা এখন যত খুশি ডিম আমদানি করতে পারবেন। মন্ত্রণালয় এ বিষয়ে গতকাল রোববার একটি প্রজ্ঞাপনও জারি করেছে।তরিতরকারি: রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঝিঙা ও পটোল ২৫ থেকে ৩০ টাকা, চিচিঙ্গা, করলা ৩০, শসা ৫০, ঢ্যাঁড়স ৩০ থেকে ৩৫, টমেটো ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দেখা যাচ্ছে, এক সপ্তাহের ব্যবধানে শসার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। তবে অন্যান্য সবজির দাম তেমন বাড়েনি।রাজধানীর কাঁচাবাজারগুলোতে গতকাল ১০০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হয় ছয় টাকায়। সে হিসাবে মরিচের কেজি ৬০ টাকা। গত সপ্তাহেও মরিচের দাম একই ছিল। আলুর দামও অপরিবর্তিত আছে। কেজি ২৪ থেকে ২৫ টাকা।কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন ৩০ থেকে ৩২ এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২৪ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩২ এবং ভারতীয় পেঁয়াজ ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হয়। তবে বেড়েছে আমদানি করা রসুনের দাম। গত সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকায় এক কেজি চীনা রসুন কেনা গিয়েছিল। তবে এখন কিনলে খরচ হবে ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুন আগের দামেই বিক্রি হচ্ছে, ৪০ থেকে ৫০ টাকা কেজি।ডিম-মুরগির দামে নড়চড় নেই: গত সপ্তাহে ডিমের হালি হয়েছিল ৪০ থেকে ৪২ টাকা। বাজারে এখন ডিমের হালি ৪০ টাকা হলেও পাড়া-মহল্লার দোকানগুলোতে ক্রেতাদের কাছ থেকে ৪২-৪৩ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক মাসে ডিমের দাম বেড়েছে ৩১ শতাংশ।অবশ্য ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। দোকানিরা এখন এক কেজি ওজনের মুরগির দাম রাখছেন ১৫৫ টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগির দাম উঠেছিল ১৬০ থেকে ১৬৫ টাকায়।পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মো. মহসিন প্রথম আলোকে বলেন, মুরগির খাবার ও বাচ্চার দাম কমানো না গেলে ডিম ও মুরগির দামও কমানো সম্ভব হবে না।আবারও ডিম আমদানির অনুমতি: বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, হাঁস-মুরগি ও পাখির ডিম আমদানি করতে হলে অনুমতি নিতে হবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভোক্তাদের চাহিদা অনুযায়ী বাজারে ডিমের সরবরাহ ঠিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় বর্তমান আমদানিনীতি আদেশের কিছু বিধান শর্ত সাপেক্ষে শিথিল করেছে। ৪ সেপ্টেম্বর এ বিষয়ে কিছু সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রণালয়। এর ভিত্তিতেই ডিম আমদানি উন্মুক্ত করে দেওয়া হলো।বাজারে ডিমের সংকট এবং দাম বেড়ে যাওয়ায় গত ৫ জুন সরকার ডিম আমদানির অনুমতি দেয়। পরে আরেক দফায় ৩১ আগস্ট পর্যন্ত ডিম আমদানির সুযোগ দেওয়া হয়।ডালের চড়া দাম: ভালো মানের (নেপালি ও দেশি ছোট দানার ডাল) মসুর ডাল বিক্রি হচ্ছে ১২১ থেকে ১২২ টাকা কেজি। গত সপ্তাহেও এই দরেই ডাল বিক্রি হয়েছে। আর সাধারণ মানের (বড় দানা) মসুর ডাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকা কেজি। মুগ ডালের দামও বেশ চড়া। ভালো মানের (ছোট দানা) প্রতি কেজি মুগ ডালের দাম এখন ১১০ থেকে ১১৫ টাকা।অন্যান্য: এক মাসের ব্যবধানে খোলা ও প্যাকেটজাত আটার দাম বেড়েছে। গত মাসে ৩০ থেকে ৩২ টাকায় এক কেজি খোলা আটা কেনা গেলেও এখন কিনতে হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়। আর প্যাকেটজাত আটার কেজি ৩৩-৩৫ টাকা থেকে বেড়ে ৩৭-৪০ টাকা হয়েছে। সরকারের কৃষি বিপণন অধিদপ্তর বলছে, এক মাসে খোলা আটার দাম সাড়ে ৬ শতাংশ এবং প্যাকেটজাত আটার দাম ১৩ শতাংশ বেড়েছে।এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম এখন ১২০ থেকে ১২২ টাকা। আর পাঁচ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৬৬০ থেকে ৬৭০ টাকায়। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৬ টাকায়। লবণের কেজি মানভেদে ১৮ থেকে ৩২ টাকা।