ডিম ও লবণ আমদানির অনুমতি
ডিম ও লবণ আমদানি উন্মুক্ত করে দিয়েছে সরকার। এ দুটি পণ্য আমদানির জন্য এখন যত খুশি ঋণপত্র (এলসি) খোলা যাবে। তবে আর মাত্র ২৪ দিন বাকি আছে। অর্থাত্ এলসি খুলতে হবে ৩০ জুনের মধ্যে।বাণিজ্য মন্ত্রণালয় গতকাল সোমবার ডিম এবং আজ মঙ্গলবার অবাধে লবণ আমদানির অনুমতি দিয়েছে। আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়ে মন্ত্রণালয় বলেছে, শিগগির এ বিষয়ে যেন গণবিজ্ঞপ্তি জারি করা হয়। হ্যাচিং (এক দিন বয়সী বাচ্চা মুরগি) ডিম আমদানি প্রসঙ্গে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। একটি হলো—এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে সীমিত আকারে আমদানি করতে হবে। অন্যটি হলো—আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের পশুসম্পদ বিভাগ বা উপযুক্ত কর্তৃপক্ষের সনদ থাকতে হবে। এই সনদে উল্লেখ থাকতে হবে যে এতে ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া নেই।মন্ত্রণালয়ের চিঠিতে অবশ্য ডিম আমদানির অনুমতির বিষয়ে কোনো যৌক্তিকতার কথা তুলে ধরা হয়নি। লবণ আমদানির বিষয়ে বলা হয়েছে, বর্তমানে দেশের চাহিদার তুলনায় লবণের উত্পাদন কম হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর লবণ আমদানি নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। বাণিজ্য মন্ত্রণালয় আজ তা ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য স্থগিত করেছে।লবণ আমদানির বিষয়েও কিছু শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, একজন লবণ কারখানা মালিক সর্বোচ্চ ১০ হাজার টন লবণ আমদানির জন্য এলসি খুলতে পারবেন। তবে এলসি খোলার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আমদানিকারককে এলসির সব তথ্য প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে।আমদানির সুযোগ ৩০ জুন পর্যন্ত কেন, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০০৯—১২) মেয়াদ শেষ হচ্ছে ৩০ জুন। তাই এ দিন পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। ১ জুলাই থেকে নতুন আমদানি নীতি আদেশ হলে তখন নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।