ডিম দিয়েছে অজগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বন্য প্রাণী সেবাশ্রমের স্থায়ী বাসিন্দা অজগর দম্পতির খাঁচা আলোকিত করতে আবারও আসছে তাদের সন্তানেরা। গত রোববার ভোরে খাঁচার স্ত্রী অজগরটি ডিম পেড়েছে। এর আগে ওই সেবাশ্রমে (তখন নাম ছিল মিনি চিড়িয়াখানা) অজগরটি আরও দুবার ডিম পেড়েছিল। ডিমে তা দিয়ে বাচ্চাও ফুটিয়েছিল।মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তের দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে উদ্ধার করা এই অজগর জুটি ১৯৯৯ সাল থেকে বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেবের তত্ত্বাবধানে রয়েছে।গতকাল সোমবার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রূপসপুর গ্রামে বন্য প্রাণী সেবাশ্রমে অজগরের খাঁচায় গিয়ে দেখা গেছে, স্ত্রী অজগরটি শরীর দিয়ে বৃত্তাকারে কুণ্ডলী পাকিয়ে ডিমগুলো ঢেকে রেখেছে। ডিমের ওপরে মাথা রেখে ডিমে তা দিচ্ছে। শরীরের ফাঁক দিয়ে একটি ডিমের প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। অজগরটি মাঝেমধ্যে একটু নড়াচড়া করলে আরও দুটি ডিমের খানিকটা দেখা যাচ্ছে। ডিমগুলোর রং সাদা। রাজহাঁসের ডিমের মতো এর আকৃতি। খাঁচার ভেতরে সঙ্গী পুরুষ অজগরটি পাশে থেকে সতর্ক পাহারা দিচ্ছে।সিতেশ রঞ্জন দেবের দুই ছেলে সজল দেব ও সঞ্জিত দেব জানান, রোববার ভোরে অজগরটি ডিম দেওয়া শুরু করে। খুব কাছ থেকে তাঁরা দেখেছেন। তাঁরা তখন সেখানেই ছিলেন। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নিচ্ছিল। পুরুষ অজগরটি এ সময় বেশ চঞ্চল হয়ে উঠেছিল। সে খাঁচার ভেতরে চারদিকে চক্কর দিচ্ছিল। একসময় স্ত্রী অজগরটি তার শরীর দিয়ে সবগুলো ডিম ঢেকে নেয়।সিতেশ রঞ্জন দেব জানান, সেবাশ্রমে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল। ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। এরপর ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার ৬০ দিন পর বাচ্চা ফুটেছিল ৩২টি। অজগরের বংশবৃদ্ধির জন্য সিতেশ এই অজগর জুটিকে প্রায় একযুগ ধরে লালন করছেন। আগের দুবারে এ জুটির ৬০টি বাচ্চা তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছেন।সিতেশ দেবের ধারণা, এবার ডিমের সংখ্যা ৩০-৩২টি হবে। তিনি জানান, বনে-জঙ্গলে থাকলে অজগর সাধারণত মার্চ থেকে জুন মাসের মধ্যে ৫০-১০০টি ডিম দেয়। গর্ত, গুহা বা পুরোনো গাছের খোঁড়লে ডিম পাড়ে। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিমে তা দেওয়া শুরু করে। এ সময় স্ত্রী অজগরটি থাকে অভুক্ত। ডিম ফুটে জন্মের সময় বাচ্চার দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার হয়।