ডিম নিয়ে নেই ভয়!
ডিমে আছে উচ্চমাত্রায় কোলেস্টেরল। স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনেকেই এ খাবার এড়িয়ে চলেন। অনেকে আবার ডিম খান, তবে হিসাব করে! শরীরে কোলেস্টেরল যেন বেড়ে না যায়, এই ভয়ে। যাঁরা ডিম অতিমাত্রায় পছন্দ করেন, কিংবা কোলেস্টেরলের ভয়ে যাঁরা এটি খেতে চান না, তাঁদের জন্য সুসংবাদ এনে দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ‘কৃষি গবেষণা সার্ভিস’-এর সাম্প্রতিক এক গবেষণা।গবেষণায় দেখা গেছে, আগের সব গবেষণায় যা বলা হয়েছিল, এর চেয়ে অনেক কম কোলেস্টেরল আছে ডিমে। একটা বড় ডিমে গড়ে ১৮৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা প্রচলিত হিসাবের চেয়ে ১৪ শতাংশ কম। এ ছাড়া ডিমে আগের গবেষণার চেয়ে ৬৪ শতাংশ বেশি ভিটামিন ডি-এর উপস্থিতিও দেখা গেছে।গবেষক দলের একজন জ্যাকব এক্সলার বলেছেন, ‘পরীক্ষা চালাতে আমরা দেশের ১২টি জায়গা থেকে বড় আকারের ডিম সংগ্রহ করি। কোলেস্টেরল ও ভিটামিন ডি-এর পরিমাণে ভিন্নতা ছাড়া অন্য উপাদানগুলোর উপস্থিতি একই রকম পেয়েছি আমরা।’ ডিম নিয়ে আরও সুখবর দিয়ে অস্ট্রেলিয়ান দৈনিক ‘হেরাল্ড সান’। যুক্তরাষ্ট্রের ডিম বিশেষজ্ঞ ডন ম্যাকনামারার বরাত দিয়েছে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, কোলেস্টেরলের কথা ভেবে অনেকে ডিম খেতে ভয় পান। তবে ডিমে থাকা কোলেস্টেরল হূদেরাগ সৃষ্টির কারণ নয়। শুধু ভিটামিন সি ছাড়া সব ধরনের ভিটামিন ও মিনারেল ডিমে বিদ্যমান।উল্লেখ্য, চলতি বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রে হার্ট ফাউন্ডেশনের এক সমীক্ষায় বলা হয়েছিল, সপ্তাহে ছয়টির বেশি ডিম খাওয়া উচিত নয়। ওয়েবসাইট।