ডিমলায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদী ও পার্শ্ববর্তী এলাকায় ভারী মেশিন বসিয়ে চলছে অবাধে পাথর ও বালু উত্তোলন। এতে করে ভূমিধসের পাশাপাশি ঘটছে পরিবেশ বিপর্যয়। খনিজ সম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের নিষেধাঞ্জা থাকলেও এ তত্পরতা বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।তবে খোঁজ নিয়ে জানা গেছে, তিস্তা নদী ও নদীর বাঁধ এলাকার এক কিলোমিটারের মধ্যে এভাবে পাথর-বালু উত্তোলনের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মামলা করলে ওই এলাকায় তত্পরতাটি বন্ধ হয়। কিন্তু বাঁধের দেড় থেকে দুই কিলোমিটার দূরেই এখনো চলছে পাথর-বালু উত্তোলন। কিন্তু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলতে নারাজ। ৯ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, উপজেলার খালিশাচাপানী, গয়াবাড়ী, টেপাখড়িবাড়ী, পূর্ব ছাতনাইসহ বিভিন্ন ইউনিয়নে ভারী মেশিন বসিয়ে বিচ্ছিন্নভাবে শতাধিক স্থানে পাথর-বালু তোলা হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তাঁরা মেশিন-মালিকদের নাম বলতে রাজি হননি। আবার কেউ কেউ মনে করছেন, এসব মেশিন পাউবোর নিষেধাঞ্জা জারি করা স্থান থেকে দুই-তিন কিলোমিটার দূরে হওয়ায় তা বৈধ।টেপাখড়িবাড়ী ইউনিয়নের পণ্ডিত পাড়া গ্রামে গিয়ে দেখা যায়, পাশাপাশি প্রায় সাতটি ভারী মেশিন বসিয়ে পাথর-বালু আহরণ করা হচ্ছে। এ সময় মেশিন মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরাও অসম্মতি জানান। আমীর আলী নামের একজন মালিকের মেশিনে পাথর-বালু তোলার কাজ করছিলেন এমন একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, এখানে অন্তত ৭০-৮০ জন শ্রমিক প্রতিদিন কাজ করেন। এ জন্য তাঁদের প্রতিদিন পারিশ্রমিক দেওয়া হয় জনপ্রতি একশ টাকা করে। তিনি আরও জানান, এখানে আমীর আলীর একটা, মঙ্গলার একটা, জাহাঙ্গীরের একটা, হানিফের একটা, নসুর একটা মেশিন চলছে। প্রতিটি মেশিনে প্রতিদিন আড়াই থেকে তিনশ সিএফটি পাথর তোলা হয়।এ এলাকার ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে ১০-১২টার মতো মেশিন চলছে। তবে সেগুলো তিস্তা বাঁধ থেকে বেশ দূরে।’ তিনি বলেন, ‘মাটির গভীর থেকে পাথর-বালু উত্তোলন সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলেও আমাদের কাছে লিখিত কোনো নির্দেশ না থাকায় কিছু করতে পারছি না। তা ছাড়া এ কাজ করে এলাকার সহস্রাধিক মানুষ জীবিকা নির্বাহ করে। এটা বন্ধ করতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা করতে পারে।’খালিশাচাপানী ইউপির চেয়ারম্যান আতাউর রহমান তাঁর এলাকায় ২৮-৩০টা ভারী মেশিনে পাথর-বালু তোলার কথা স্বীকার করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ‘তিস্তা নদীর পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন ও নদীতে মিলে আগে দেড় শতাধিক ভারী মেশিন বসিয়ে পাথর-বালু তোলা হতো। নদী সেচ প্রকল্প কর্তৃপক্ষের নিষেধাঞ্জা ও মামলা-মোকদ্দমার কারণে এখন নদী ও বাঁধের এক কিলোমিটারের মধ্যে বসা প্রায় ৫০টি মেশিন বন্ধ হয়েছে। তবে গোটা উপজেলায় একশরও বেশি মেশিন বিচ্ছিন্নভাবে চলছে। এসব মেশিনে কাজ করে পাঁচ সহস্রাধিক পরিবারের জীবিকা নির্বাহ হচ্ছে। তাই আমরা জনপ্রতিনিধি হিসেবে ওই মেশিনগুলো বন্ধে তেমন একটা ভূমিকা রাখতে পারি না। তা ছাড়া আমাদের লিখিতভাবেও এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’পাউবোর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নরেন্দ্রনাথ সরকার বলেন, ‘আমাদের বাঁধের ৫০০ মিটারের বাইরে যেগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের করার কিছু নেই। আগে আমাদের বাঁধের কাছে ও নদীতে যেসব মেশিন ছিল সেগুলোর বিরুদ্ধে প্রায় ৩৫-৩৬টা মামলা করেছি। এখন প্রকল্প এলাকায় কোনো মেশিন নেই।’ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ‘এখন ছোটখাতা এলাকায় বেশি পাথর-বালু তোলা চলছে। কিন্তু আমরা গেলেই এ কাজে জড়িতরা পালিয়ে যায়। তা ছাড়া এ ব্যাপারে সংশ্লিষ্ট তহসিলদারেরা মামলা করলেও আমরা ব্যবস্থা নিতে পারি।’এভাবে ভারী মেশিন বসিয়ে পাথর-বালু উত্তোলন অবৈধ বলে স্বীকার করে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’