ডিমের রং বদল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একশ্রেণীর ডিমবিক্রেতা ফার্মের মুরগির ডিমের রং বদল করে তা দেশি ডিম হিসেবে বিক্রি করছেন। আবার নগরের বাজারে দেশি বলে বাদামি রঙের যে ডিম বিক্রি হচ্ছে, তা আসলে পাকিস্তানি মুরগির ডিম। তাই সব দিক দিয়েই ঠকছে ডিমক্রেতারা। এসব নিয়ে প্রতিবেদন। ফার্ম থেকে দেশি‘ফার্মের মুরগির ডিম দেশি করার রং দেন।’ যাত্রাবাড়ীর একটি ওষুধের দোকানে এসে বলল এক শিশু। এ কথা শুনে দোকানি অবাক হলেন। ‘ফার্মের ডিম দেশি করার রং আবার কী?’দোকানির এ প্রশ্ন শুনে শিশুটি উত্তর না দিয়েই চলে যেতে থাকে। পিছু পিছু তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, শিশুটির মা ডিম নিয়ে বসে আছেন। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, শিশুটির বাবা সেদ্ধ ডিম বিক্রি করেন। ফার্মের মুরগির ছোট ছোট সাদা ডিম কিনে আনেন তাঁরা। তারপর বাসায় বসে পটাশ (পটাশিয়াম পারম্যাঙ্গানেট) মিশিয়ে ডিমের রং বদলান। এ জন্য পানিতে পটাশ গুলানো হয়। এই মিশ্রণে ডিম চুবানো হয়। এতে ডিম বাদামি রং ধারণ করে। এই ডিম দেশি বলে চালিয়ে দেওয়া হয়।্এ প্রসঙ্গে নিউমার্কেটের পাইকারি ডিম ব্যবসায়ী মিজানুর রহমান দাবি করেন, ডিমের রং বদল করার মতো সময় পাইকারি ব্যবসায়ীদের নেই। এটা একশ্রেণীর খুচরা ডিমবিক্রেতা করে থাকেন। এ জন্য তাঁরা বেছে বেছে ফার্মের ছোট ডিম কিনে নিয়ে যান। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ১০০ ডিমের দাম ৫৩০ টাকা। আর পাকিস্তানি কক মুরগির (যা দেশি মুরগির ডিম বলে বিক্রি করা হয়) ১০০ ডিমের দাম হচ্ছে ৭৩০ টাকা। খুচরা বাজারে দেশি মুরগির একটি ডিম ফার্মের ডিমের চেয়ে তিন-চার টাকা বেশি দামে বিক্রি করা হয়। আবার একটি দেশি সেদ্ধ ডিমের দাম রাখা হয় ১২ টাকা। তাই সেদ্ধ ডিমবিক্রেতারা রং করা ফার্মের মুরগির ডিম দেশি বলে বিক্রি করছেন। এতে তাঁরা ডিমপ্রতি পাঁচ টাকার মতো লাভ করছেন। এ কথা স্বীকার করেন যাত্রাবাড়ীর সেদ্ধ ডিমবিক্রেতা বশিরউল্লাহ। পাঁচ টাকার পটাশ কিনলে প্রায় ৫০০ ডিমের রং বদল করা যায় বলে তিনি জানান।দেশি ডিম কোথায়?নিউমার্কেটের কলমিলতা কাঁচাবাজারে দেশি ডিমের খোঁজ করলে ডিম ব্যবসায়ী মিজানুর রহমান বাদামি রঙের ডিম দেখিয়ে দিলেন। গ্রামের দেশি ডিম দেখতে তো সাদা—এমন কথায় তিনি বলেন, ঢাকায় প্রকৃত দেশি ডিম পাওয়া যায় না বললেই চলে। দেশি ডিম বলে যেটা বিক্রি হয়, সেটা পাকিস্তানি মুরগির ডিম।‘দেশি মুরগির ডিম কখনো বাদামি হয় না, সেগুলো হয় সাদা ও স্বচ্ছ। হালকা একটু কুসুমের আভা থাকে।’ বলছিলেন মিজানুর।তাঁর কাছ থেকে দেশি ডিম হিসেবে পাকিস্তানি মুরগির ডিম কিনছিলেন হারুন-অর-রশিদ। তিনি জানান, এটাকেই দেশি ডিম বলে জানেন। ডিমে রং করা হয়, এটাও তিনি কখনো শোনেননি।কারওয়ান বাজার স্টেশন রোডে ডিমের আড়তদার মনু মিয়া জানান, তাঁদের এখানে প্রকৃত দেশি মুরগির ডিম পাওয়া যায় না। কেউ ফরমায়েশ দিলে, দু-এক দিন পর দেশি মুরগির ডিম এনে দেওয়া হয়। বাজারে যেটা দেশি বলে বিক্রি হয়, সেটা আসলে পাকিস্তানি মুরগির ডিম।কর্তৃপক্ষ কী করছেপটাশ (পটাশিয়াম পারম্যাঙ্গানেট) মিশিয়ে যে ডিমের রং বদল করা হচ্ছে, তা জানেন না জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে ডিএনসিআরপির মহাপরিচালক আবুল হোসাইন বলেন, ‘এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। এই অপরাধ প্রমাণিত হলে জরিমানাসহ শাস্তির বিধানও রয়েছে।’একই প্রসঙ্গে বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, ‘বিশুদ্ধ খাদ্য আইন অনুযায়ী এটা অপরাধ। সাধারণত আমাদের তত্ত্বাবধানে এটা নিয়ে কিছু করার নেই। তবে কেউ অভিযোগ করলে কিংবা কোনো নমুনা পাঠালে তা আমরা পরীক্ষা করে দেখব। তাতে ক্ষতিকর কোনো কিছু মেশানোর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া যাবে।’