ডিলারদের কাছে টিসিবির পণ্য বিতরণ আগামী রোববার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্য আগামী ৮ আগস্ট রোববার থেকে ডিলারদের কাছে বিতরণ শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলো হচ্ছে চিনি, ভোজ্যতেল, মসুর ডাল ও ছোলা। আজ মঙ্গলবার কারওয়ান বাজারের টিসিবি কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও মূল্য পরিস্থিতি সম্পর্কে অনুষ্ঠিত এক বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে টিসিবি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, পরিচালক মাহফুজার রহমান সরকারসহ বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে পণ্য মূল্য বাড়ার কোনো কারণ নেই। কারণ টিসিবির সরবরাহ পরিস্থিতি এবার অনেক ভালো। অসাধু ব্যবসায়ীরা মূল্য কারসাজির চেষ্টা করলে বরং তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ফারুক খান বলেন, বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী, গণমাধ্যম, সরকার সবারই ভূমিকা পালন করা উচিত। কিন্তু গণমাধ্যমগুলো অনেক সময় বাজারে ভীতি (প্যানিক) সৃষ্টি করে। গণমাধ্যম মাঝেমধ্যে এমন সব প্রতিবেদন তৈরি করে, যাতে পণ্যমূল্য তো কমেই না, উল্টো আরও বেড়ে যায়।