ডিশ সংযোগ দেওয়ার নামে রাজধানীর সবুজবাগে একটি বাসায় ঢুকে গৃহকর্মী হালিমার শ্লীলতাহানি করে ডিশ সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সুমন আলী (২৪)। এতে বাধা দেওয়ায় হালিমাকে খুন করেন তিনি। খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সুমন আলী পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন। পরে মুখ্য মহানগর হাকিমের আদালতেও দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি এসব কথা স্বীকার করেন। মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকেলে সবুজবাগ থানার একদল পুলিশ আশুলিয়ার জিরাবোতে অভিযান চালিয়ে সুমন আলীকে গ্রেপ্তার করে। লুট করা টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়।উপকমিশনার বলেন, খুনের আগের দিনে গত মঙ্গলবার সুমন তাঁর এক সহযোগীকে নিয়ে সবুজবাগের আহম্মেদবাগের পোশাক কারখানার কর্মকর্তা আসাদুজ্জামানের বাসায় গিয়ে ডিশ সংযোগ দেন। সেখানে জানতে পারেন সকাল থেকে দুপুর পর্যন্ত গৃহকর্মী বাসায় একা থাকে। সুমন পুলিশকে বলেন, ঘটনার দিন ডিশ সংযোগ মেরামত করার কথা বলে তিনি ওই বাসায় ঢুকে হালিমার শ্লীলতাহানির চেষ্টা করেন। হালিমা এতে বাধা দিলে তিনি মেয়েটির গলা টিপে ধরেন। এতে সে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর হালিমার ওড়না দিয়েই গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেন। পরে ওই বাসার আলমারির তালা ভেঙে দুই টাকার ১৬১টি নোট ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যান। পুলিশ কর্মকর্তারা জানান, হালিমাকে খুন করে সুমন নিজের স্যান্ডেল ওই বাসায় রেখে গিয়েছিল। জব্দ করা স্যান্ডেল পরে শনাক্ত করা হয়। এ ছাড়া গৃহকর্মীকে হত্যার পর ঘাতক সুমন গৃহকর্তা আসাদুজ্জামানের শ্বশুর আমজাদ আলীকেও ফোনে হত্যার হুমকি দেন। তাঁর কাছ থেকে মুঠোফোনের সিমটি উদ্ধার করা হয়েছে। গত বুধবার দুপুরে সবুজবাগের আহম্মেদবাগের বাসিন্দা পোশাক কারখানার কর্মকর্তা আসাদুজ্জামানের বাসা থেকে গৃহকর্মী হালিমার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।