ডিসকভারি চ্যানেলের সদর দপ্তর থেকে বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন নগরে ডিসকভারি চ্যানেলের সদর দপ্তরে জিম্মি নাটকের অবসান হওয়ার পর সেখান থেকে চারটি বোমা উদ্ধার করা হয়েছে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। গত বুধবার ডিসকভারি চ্যানেলের সদর দপ্তরে জেমস লি নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানটির তিনজন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। একপর্যায়ে ওই অস্ত্রধারী তিন জিম্মির একজনকে গুলি করতে উদ্যত হলে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে।কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষজ্ঞরা ইতিমধ্যে বোমাগুলোকে নিষ্ক্রিয় করেছেন এবং এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তদন্তকারী দল এখনো তাদের তল্লাশি অব্যাহত রেখেছে। নিহত অস্ত্রধারী যে গাড়িটিতে করে ডিসকভারি চ্যানেল ভবনে এসেছিলেন, সেটি এখন তল্লাশি করা হচ্ছে।পুলিশ বলছে, ডিসকভারি চ্যানেলের নিরাপত্তা ভিডিও পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছিল, ওই অস্ত্রধারী ভবনে প্রবেশের সময় কোনো বিস্ফোরক শরীরে ধারণ করেননি। কিন্তু নিরাপত্তা কর্মকর্তারা সারা রাত ওই ভবনটি তল্লাশি করে চারটি বোমা উদ্ধার করেন। তবে বোমাগুলো কতটা শক্তিশালী সে ব্যাপারে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয়। তবে তাঁরা বলছেন, যে বোমাটি লি তাঁর শরীরে বেঁধে রেখেছিলেন তাতে হয়তো তিনি নিজে নিহত হতেন এবং তাঁর কাছে থাকা কোনো জিম্মি আহত হতে পারতেন।মন্টগোমারি কাউন্টি পুলিশের প্রধান টম ম্যানজার বলেছেন, ডিসকভারির সঙ্গে লির পুরোনো দ্বন্দ্ব ছিল। ২০০৮ সালে তিনি ডিসকভারি চ্যানেলের পরিবেশবিষয়ক ইস্যুর প্রতিবাদ করতে গিয়ে একবার গ্রেপ্তার হয়েছিলেন।—এসএসএনবিসি ডট কম