জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। তবে শেষ দিনের আলোচনায় ডিসিদের কিছু বক্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে পুলিশের পাল্টা অভিযোগ করার ঘটনাটি প্রাধান্য পায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জেলায় জেলায় পুলিশ সুপার (এসপি) আর জেলা প্রশাসকদের সুপ্ত দ্বন্দ্বই এবার প্রকাশ্য রূপ পেয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ২৫ জুলাই ডিসি সম্মেলন শুরু হয়ে ২৭ জুলাই শেষ হয়। এবারের সম্মেলনে ৩৭টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ২৯টি কার্য অধিবেশন হয় ডিসিদের। বৈঠকগুলোতে মন্ত্রণালয়ভিত্তিক সমস্যা ও তা সমাধানের সম্ভাব্য সুপারিশ নিয়ে কথা হয়। পাশাপাশি জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসকদের যেসব সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েও বক্তব্য দেন তাঁরা। জেলা প্রশাসকদের পক্ষ থেকে পুলিশের কিছু ভূমিকা ও মাদক ব্যবসার সঙ্গে কিছু পুলিশ সদস্যের জড়িত থাকা প্রসঙ্গে কয়েকজন জেলা প্রশাসক বক্তব্য দেন। পরদিনই পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করে এর বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং ডিসিদের বিরুদ্ধেও কিছু অভিযোগ তোলেন। এ ঘটনায় সরকারের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। এই প্রসঙ্গটিই শেষ কর্মদিবসে আলোচনার কেন্দ্রে চলে আসে। ডিসিরা পুলিশের এ ধরনের সংবাদ সম্মেলন করাকে শৃঙ্খলাবিরোধী বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম সম্মেলনের সমাপ্তি টানেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব আবদুল আজিজ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা এইচ টি ইমাম পুলিশের সংবাদ সম্মেলন করা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ডিসি-এসপির মধ্যেকার সম্পর্কের বা সমন্বয়ের সমস্যাটি পুরোনো। কিন্তু যেভাবে পোশাক পরে পুলিশের সদস্যরা সংবাদ সম্মেলনে সরকারের আরেকটি অংশের বিরুদ্ধে কথা বলেছেন, তা অনভিপ্রেত। তিনি আরও বলেন, ‘পুলিশের বার্ষিক সম্মেলন হয়, কথাগুলো তাঁরা সেখানেও বলতে পারতেন। অথবা তাঁরা আমাদেরও বিষয়টি জানাতে পারতেন। এর পেছনে কোনো মহলের উসকানি আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’ পুলিশের এতটা উত্তেজিত হওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এইচ টি ইমাম জানান, সমস্যাগুলো নিয়ে তিনি শিগগির মুখ্যসচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ ও ৎবের প্রধানকে নিয়ে বৈঠক করবেন। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি শুধু ডিসি-এসপির ওপর নির্ভর করে না—উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, আইনশৃঙ্খলা কমিটিতে রাজনৈতিক নেতারাও থাকেন, তাঁদের ওপরও বিষয়টি নির্ভর করে। তিনি বলেন, অনেক জায়গায় ডিসি-এসপির মধ্যে সমন্বয় আছে। হয়তো কিছু জায়গায় সমস্যা হতে পারে। সেটি রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা করা হবে। মোবাইল কোর্টের পরিধি আরও বাড়ানো হবে জানিয়ে এইচ টি ইমাম বলেন, সামনে দেশের জন্য বড় চ্যালেঞ্জ। যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে দেশে আইনশৃঙ্খলার ওপর জোর নজরদারি থাকা দরকার। এ সময় সবাইকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে। ডিসি সম্মেলনের শেষ দিনে কৃষি, তথ্য ও সংস্কৃতি, বস্ত্র ও পাট, মুক্তিযুদ্ধ, যোগাযোগ, পানিসম্পদ, পার্বত্যবিষয়ক, বিদ্যুৎ ও জ্বালানি, আইন বিচার ও সংসদ, সংস্থাপন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ডাক ও টেলিযোগাযোগ, নৌপরিবহন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওপর আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত ছিলেন।