ডিসি ও কর্মকর্তারা কাঁদেননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় যা ঘটেছে, তা গণমাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) বলেছেন, তিনি বা অন্য কর্মকর্তারা কাঁদেননি বা কারও সহযোগিতাও চাননি। প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু গতকাল সোমবার পাবনার পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা এমন অভিযোগ করেন বলে এইচ টি ইমাম জানান।তবে জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তাদের কান্নার যেসব ছবি পত্রিকায় ছাপা হয়েছে, সেগুলো সঠিক কি না—এ সম্পর্কে কর্মকর্তারা কিছু বলেননি। তবে পরিস্থিতি এখন শান্ত বলে তাঁরা জানিয়েছেন।পাবনা জেলা প্রশাসনের কর্মচারী নিয়োগ পরীক্ষার কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা-ভাঙচুর চালানোর ১০ দিন পর গতকাল সরকারের দুই প্রতিনিধি পাবনা সফর করেন। তাঁরা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এইচ টি ইমাম বলেন, জেলা প্রশাসক জানিয়েছেন, তাঁরা কাঁদেননি। বৈঠকে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও করেন তিনি।এইচ টি ইমাম বলেন, ‘গণমাধ্যম সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করে। কিন্তু মাঝে মাঝে আমাদের কষ্ট হয়। একটি বিষয় নিয়ে এভাবে কার্টুন করে এমন করা উচিত নয়।’ তিনি বলেন, জনপ্রতিনিধিরা জনগণের ভোটে নির্বাচিত হন। তাঁদের কাছে অনেক মানুষই বিভিন্ন আবদার নিয়ে আসেন। আবদার রক্ষার জন্য তিনি তাঁর লোকজনকে চাকরি দিতেই চাইবেন। প্রশাসন সে বিষয়ে বিচার-বিশ্লেষণ করে পদক্ষেপ নেবে। তবে সরকারের নীতি মেধা-যোগ্যতা যাচাই করে বিধি মেনেই চাকরি দিতে হবে।হামলা করে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করার বিষয়ে এইচ টি ইমাম বলেন, যারা এগুলো করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা নেপথ্যে ছিল, তাদের বিষয়েও তদন্ত চলছে। আওয়ামী লীগ বা যুবলীগের কেউ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিনি বলেন, ‘জেলা প্রশাসন মানে সরকার। প্রধানমন্ত্রীর একুশ শতকের ভিশন বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও সরকার সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারে, আমরা তা-ই চাই।’ঘটনার এত দিন পর কেন এলেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা নেপথ্যে থেকে সব কাজ করেছি। প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। তাদের নির্ভয়ে কাজ করতে বলেছি। সাংগঠনিক ও সরকারিভাবে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের পদক্ষেপে জেলা প্রশাসন সন্তুষ্ট আছে।’ সারা দেশে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রশাসনের বিরোধ সম্পর্কে তিনি বলেন, সব ক্ষেত্রেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।জেলা প্রশাসকের অপসারণ দাবিতে ছাত্রলীগ-যুবলীগের আন্দোলনের বিষয়ে এইচ টি ইমাম বলেন, সরকারি কর্মকর্তারা সারা জীবন এক জায়গায় থাকেন না। তাঁদের বদলি হতেই হবে। তবে কারও দাবির পরিপ্রেক্ষিতে নয়। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাসহ আরও মানুষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। সদর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। দলীয়ভাবে জড়িতদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারের তৎপরতা দেখেই আসামিরা আত্মসমর্পণ করেছে।’এসব বিষয়ে জেলা প্রশাসক এ এফ এম মনজুর কাদিরের সঙ্গে কথা বললে তিনি কিছু বলতে রাজি হননি।সফরে যা যা হলো: দুপুর দুইটার দিকে সড়কপথে পাবনায় পৌঁছান এইচ টি ইমাম ও শামসুল হক। তাঁরা সার্কিট হাউসে পৌঁছালে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার ও জেলা প্রশাসক মনজুর কাদির তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান। বেলা পৌনে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত তাঁরা সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সার্কিট হাউস মিলনায়তনে বৈঠক করেন। বৈঠকে সাংসদ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের নেতা এম সাইদুল হক, আবদুল হান্নানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেল সাড়ে চারটায় তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা জেলা প্রশাসন ও স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।এরপর রাতে উপদেষ্টা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সার্কিট হাউসে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘ওনারা আমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর একুশ শতকের ভিশন বাস্তবায়নের জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন। একই সঙ্গে জেলা প্রশাসকের বিরুদ্ধে কোনো আন্দোলন কর্মসূচি দিতে এবং বিরুদ্ধাচরণ করতে নিষেধ করেছেন।’সাংসদ গোলাম ফারুক বলেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদের আশ্বস্ত করা হয়েছে যে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ আর কোনো কর্মসূচি দেবে না।আরও একজন গ্রেপ্তার: এ মামলায় পুলিশ গতকাল দুপুরে মো. সোহান নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) বদরুদ্দোজা জানান, শহরের লাইব্রেরি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।