বগুড়ার মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় গ্রেপ্তার করা ব্যক্তিদের রিমান্ডে নেওয়ার আবেদন কেন করা হয়নি, তা জানতে বগুড়ার পুলিশ সুপারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী রোববার তাঁকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় গঠিত কমিটি থেকে জেলা প্রশাসক (ডিসি) ও মাজার কমিটির সভাপতিকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে। কমিটিতে বগুড়ার আযিযুল হক কলেজের ইতিহাস বিভাগের চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করে সাত দিনের মধ্যে কমিটি পুনর্গঠন করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় হাইকোর্টের নির্ভুল আদেশ মাইকে প্রচার, প্রচারপত্র (লিফলেট) আকারে ও স্থানীয় গণমাধ্যমে প্রচার করতে জেলা প্রশাসক ও এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মহাস্থানগড় জাদুঘরের কাস্টডিয়ান নাহিদ সুলতানা, তাঁর ছেলে এবং বগুড়ার ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক হাসিবুর রহমান ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমানকে নিরাপত্তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।মহাস্থানগড়ের নিদর্শন রক্ষার বিষয়ে সংবাদ পরিবেশন ও ভূমিকা রাখার কারণে তাঁদের হুমকি দেওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং মহাস্থানগড় মাজার কমিটির সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে ১০ মার্চ হাজির হতে বলা হয়েছে।এদিকে মহাস্থানগড় বিষয়ে স্বেচ্ছায় আদালতে লিখিত বক্তব্য জমা দেন সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ। লিখিত বক্তব্যে আদালতের আদেশ ভুলভাবে উদ্ধৃত করায় আদালত বলেন, ‘আপনি দায়িত্বশীল ব্যক্তি। আদালতের আদেশ পড়ে আপনার লেখা উচিত ছিল।’ আদেশ তুলে ধরে আদালত বলেন, ‘আমরা মসজিদ ভাঙার নির্দেশ দিইনি। মহাস্থানগড়ের মসজিদ, মাজারসহ প্রত্নতাত্তিক নিদর্শনগুলো সুরক্ষার নির্দেশ দিয়েছিলাম।’ আবুল মকসুদকে উদ্দেশ করে আদালত বলেন, ‘এটা দায়িত্বহীনতার পরিচয়। আপনার লেখার সুদূরপ্রসারী প্রভাব আছে। মসজিদ ভাঙার বিষয়ে বলেছেন। এটা মারাত্মক কথা। মসজিদ ভাঙার বিষয় কোথায় পেলেন?’ আবুল মকসুদ বলেন, ‘পত্রিকায় দেখেছি।’আদালত বলেন, ‘আমাদের আদেশ ও আপনার লেখা সম্পূর্ণ বিপরীত। এটা আদালত অবমাননার শামিল। ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, এ লেখার মাধ্যমে সমাজের ও দেশের মারাত্মক ক্ষতি করেছেন। আপনার মতো দায়িত্বশীল মানুষ কীভাবে এমন দায়িত্বহীনতার পরিচয় দেন! তিরস্কারের আর কোনো ভাষা নেই। মনে হচ্ছে, কারও দ্বারা মোটিভেটেড হয়ে এটা করেছেন।’ আদালতের প্রশ্নের জবাবে আবুল মকসুদ বলেন, ‘আমি দুঃখিত।’গত মঙ্গলবার আদালতকে জানানো হয়, দুই সাংবাদিক ও মহাস্থানগড়ের কাস্টডিয়ানকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের বক্তব্য শুনতে চান। গতকাল তিন ব্যক্তি হাইকোর্টে হাজির হয়ে বক্তব্য পেশ করেন। তাঁরা হলেন, নাহিদ সুলতানা, হাসিবুর রহমান ও মিলন রহমান।নাহিদ সুলতানা বলেন, ‘আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি আদালতের কাছে নিরাপত্তা চেয়েছি।’হাসিবুর রহমান বলেন, ‘প্রতিবেদন লেখায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে ইভ টিজিংয়ের মামলায় ফাঁসানো হবে বলে শুনেছি। ইতিমধ্যে আমার বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। তবে নথিভুক্ত হয়েছে দুটি। মিথ্যা অভিযোগ থাকায় অপর দুটি মামলা নথিভুক্ত হয়নি।’ মিলন রহমান বলেন, ‘প্রতিবেদন লেখার কারণে আমাকে বিপদে ফেলার পরিকল্পনা হচ্ছে বলে শুনেছি।’আদালতের নির্দেশ অনুসারে গতকাল মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক এলাকায় রাস্তা নির্মাণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতা খোকন সরকার, সবুজ সরকার ও সাইদুল নামের এক ব্যক্তি হাইকোর্টে হাজির হন। তাঁদের আগামী রোববার আবার হাজির হতে বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও মাজার কমিটির সভাপতির পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী মামলা পরিচালনা করেন।প্রসঙ্গত, জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এর পরও মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে—এমন অভিযোগে আদালতে আরেকটি আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।