ইসির সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক
ডিসিসি ও পৌর নির্বাচন ডিসেম্বরে, এরপর ইউপি নির্বাচন
আগামী ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে সরকারের আপত্তি নেই। ডিসিসি ও পৌর নির্বাচনের পর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সাংবাদিকদের এসব তথ্য জানান।এ সময় নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, বৈঠকে আগামী ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। সরকারের তরফ থেকে নির্বাচনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।এইচ টি ইমাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ্-উল-আলম লেনিনসহ চার সদস্যের একটি দল গতকাল বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা ও কমিশনার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বৈঠকে ডিসিসি, পৌরসভা ও ইউপি নির্বাচন অনুষ্ঠানে লোকবল, বাজেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, পৌরসভা ও ডিসিসি নির্বাচন ডিসেম্বরে হবে। ইউপি নির্বাচন পরে হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও পবিত্র হজের বিষয় মাথায় রেখে কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সরকার কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউপি নির্বাচন সম্ভব হবে। এর পরদিন সিইসি বলেছেন, ডিসেম্বরে পৌর নির্বাচন হবে। তবে ইউপি নির্বাচন এ বছর সম্ভব হবে না।ডিসিসি নির্বাচন নিয়ে এর আগে কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে মতপার্থক্যের বিষয়ে জানতে চাইলে এইচ টি ইমাম বলেন, ‘এটা বানোয়াট ব্যাপার ছিল। নির্বাচন কখন হবে, তা কমিশনের সিদ্ধান্তের ব্যাপার। তখন বর্ষাকালের কথা মাথায় রেখে নির্বাচন হয়নি। কমিশনও শীত মৌসুমে নির্বাচন করতে চেয়েছে।’ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি যে উদ্বেগ প্রকাশ করেছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সিইসি কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আশা করি, এ রকম অবস্থা থাকবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার, সরকার তা-ই করবে।