ডিসিসি নির্বাচন করতে ইসির প্রতি সুরঞ্জিতের আহ্বান
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ডিসিসি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সংবিধানে নির্বাচন কমিশনের কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে। সরকারের কাজও সংবিধানে নির্দিষ্ট করা আছে। নির্বাচন কমিশনের দায় হচ্ছে নির্বাচন পরিচালনা করা। সরকার কোন আইন করবে, আর কোন আইন করবে না, তা সরকারের এখতিয়ার।আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে ‘৩০ লাখ প্রাণের বিনিময়ে বিজয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সুরঞ্জিত বলেন, ‘আইন করতে হলে নির্বাচন কমিশনকে শুনতে হবে এ ধরনের বিধিবিধান সংবিধানে বা আইনে আছে বলে আমার জানা নেই। আজ যে করপোরেশন বিভাজন করা হয়েছে সে অনুযায়ী নির্বাচন করতে হবে। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন শুরু করার বিষয়ে সংবিধানে তাদের প্রতি নির্দেশনা রয়েছে।’ নির্বাচন কমিশন এ কাজটি শুরু করবে এমন আশা পোষণ করে রেলমন্ত্রী বলেন, তাদের সময়কালে তারা যদি কাজটি শেষ করতে না পারেন তাহলে কী হবে তার নির্দেশও সংবিধান ও আইনে দেওয়া আছে। ‘এখানে এটা করব, এটা করব না—এ ধরনের কোনো বিষয় আমি দেখি না।’আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্য সদস্যদের আমি শ্রদ্ধা করি।’আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যুদ্ধাপরাধ একটি আন্তর্জাতিক অপরাধ। মানবতাবিরোধী অপরাধ। এটি কেবল একটি জাতির বিরুদ্ধে অপরাধ নয়, বিশ্বমানবতার বিরুদ্ধে অপরাধ। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আমি সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই। যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। এটা রাজনীতির ঊর্ধ্বে। যারা অপরাধ করেছে তাদের বিচার হতেই হবে।’বিরোধীদলীয় নেতাসহ চারদলীয় জোটের উদ্দেশে তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আপনাদের অবশ্যই আছে। কিন্তু যুদ্ধাপরাধীদের নিয়ে আন্দোলন করার অধিকার কারোরই নেই। এটা সমগ্র জাতির বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার। ৪০ বছর ধরে আমরা আবেগ উদ্বেগ নিয়ে অপেক্ষায় আছি একদিন যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আমরা বিশ্বাস করি, রক্তচক্ষুর ভয় দেখিয়ে, আন্দোলনের হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।’ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ বাংলাদেশ আয়োজিত ওই আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবদুল হক।