ডিসিসি নির্বাচন নিয়ে ইসির আবেদনের শুনানি ১১ অক্টোবর
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্ট ডিসিসি নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন এই আবেদন করে। আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি ১১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী নাজনীন নাহার। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে আইনজীবী এম আই ফারুকী প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদনটি করা হয়। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি ১১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন।গত ১৬ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আইন অনুসরণ করে কাউন্সিলর ও ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করতে বলা হয়। এ ছাড়া ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেওয়া হয়। পরে ২৩ জুলাই ডিসিসি নির্বাচনে স্থগিতাদেশের মেয়াদ বাড়ায় হাইকোর্ট।