ডিসিসি নির্বাচন নিয়ে কমিশন সমস্যায় পড়তে পারে: সাখাওয়াত
ঢাকার দুই সিটি করপোরেশনের গেজেট জারির ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সমস্যায় পড়তে হবে বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আজ বুধবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা হয়তো তফসিল ঘোষণা করে যেতে পারব। কিন্তু নির্বাচন পরিচালনা করতে হবে পরের কমিশনকে। সে ক্ষেত্রে নির্বাচন পরিচালনা করতে গিয়ে নতুন কমিশনকে সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে।’সাংবিধানিক বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা এবং দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের মেয়াদ আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শেষ হচ্ছে।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধন করে গতকাল বিল পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনের এই বিধানের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘মন্ত্রণালয় আইনটি চূড়ান্ত করার আগে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কমিশনকে বেকায়দায় পড়তে হবে। এক দিনে দুই করপোরেশনে নির্বাচন সম্ভব নয়। ভোট আলাদাভাবেই করতে হবে।’কমিশন এ বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে কি না, জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘বিলের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনা হবে।’