ডিসিসি নির্বাচন নিয়ে দায়ের করা রিট খারিজ, নির্বাচন করতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দায়ের করা পৃথক পাঁচটি রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। তিন দিন উভয় পক্ষের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহান উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে ডিসিসির নির্বাচনের তফসিল ঘোষণা করতে আর কোনো বাধা নেই বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।নির্বাচনসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নজীর তুলে ধরে আদালত রায়ে বলেন, সীমানা পুনর্নির্ধারণ বিষয়ের সঙ্গে ঘটনার প্রশ্ন জড়িত। ঘটনার প্রশ্ন রিট এখতিয়ারে মীমাংসা করা যায় না। এ ছাড়া আইনগতভাবে কোনো ভুল করা না হলে এবং বে-আইনি কাজ করা না হলে রিট এখতিয়ারে সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যায় না। তাই রিটগুলো খারিজ করা হলো।আদালত বলেন, সীমানা পুনর্নির্ধারণ চলমান প্রক্রিয়া। খুঁটিনাটি কাজগুলো সম্পন্ন করে অচিরেই মেয়াদোত্তীর্ণ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য উদ্ধৃত করে আদালত বলেন, নির্বাচন বিলম্বিত হোক—এটা কোনো পক্ষই চায় না। এরই মধ্যে ডিসিসির মেয়র ও কাউন্সিলরের মেয়াদ শেষ হয়ে গেছে। এখনই নির্বাচন হওয়া সমীচীন। নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। এটি বাধাগ্রস্ত করা যাবে না বলেও অভিমত ব্যক্ত করেন আদালত।রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, সীমানা পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে রিটগুলো করা হয়েছিল। এ বিষয়ে আদালত কোনো নির্দেশনা দেননি। তিনটি যুক্তিতে আদালত রিটগুলো খারিজ করে দিয়েছেন। ফলে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচনের তফসিল ঘোষণার ওপর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এরপর মেয়াদ বাড়ানো হয়নি। কিন্তু রিট খারিজের ফলে এর কার্যকারিতা নেই।রিট আবেদনকারী সাজ্জাদ হোসেনের কৌঁসুলি এম আমীর উল ইসলাম প্রথম আলোকে বলেন, রায়ের অনুলিপি পেলে পরীক্ষা-নিরীক্ষা করে এবং আবেদনকারীর সঙ্গে আলোচনার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, নির্বাচনসংক্রান্ত পাঁচটি রিট খারিজ হয়ে যাওয়ায় ডিসিসির নির্বাচনে আর কোনো বাধা নেই।উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণের পর তফসিল ঘোষণার নির্দেশনা চেয়ে ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে রাজধানী পল্লবীর ভোটার সাজ্জাদ হোসেন রিট দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চ তফসিল ঘোষণার ওপর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন। পাশাপাশি ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের পর তফসিল ঘোষণার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে সরকার ও নির্বাচন কমিশনের ওপর রুল জারি করেন। সেই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করে দেন। এ ছাড়া ডিসিসির ওয়ার্ডগুলোর সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দা ও সম্ভাব্য প্রার্থী আবদুল কুদ্দুস, শামীম মোল্লা, সৈয়দ মো. মহিউদ্দিন ও বাবুল শেখ হাইকোর্টে পৃথক রিট দায়ের করলে প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেন। ২৩ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত রুলের ওপর উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে আদালত রায় দেন।