ডিসিসি নির্বাচন স্থগিতের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ফলে নির্বাচন স্থগিতে হাইকোর্টের আদেশ বহাল থাকছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতের পাশাপাশি রুল জারি করেছিলেন। হাইকোর্টের ওই আদেশে স্থগিতাদেশ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী তুহিন মালিক ১৭ এপ্রিল আপিল বিভাগে আবেদন করেন। চেম্বার বিচারপতি ওই দিনই আবেদনটি ১৯ এপ্রিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এরই ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার পাঁচ নম্বর ক্রমিকে ছিল। আদালতে তুহিন মালিকের পক্ষে শুনানি করেন এম জহির। সঙ্গে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদালত থেকে বেরিয়ে এম জহির বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি সিএমপি আবেদন করা হয়েছিল। আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছেন। আদালত বিষয়টি হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। রিটে পক্ষভুক্ত হতে হাইকোর্টে শিগগিরই আবেদন করা হবে বলেও তিনি জানান। মনজিল মোরসেদ প্রথম আলো অনলাইনকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রইল। ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি করে গত ১৬ এপ্রিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী রিট আবেদন করেন।