ডিসিসি নির্বাচন ২৪ মে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ মে বৃহস্পতিবার এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল ১৯ এপ্রিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই ২২ এপ্রিল রোববার ও ২৩ এপ্রিল সোমবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২ মে বুধবার।আজ সোমবার বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমানকে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।বার্তা সংস্থা বাসস জানায়, ডিসিসির দুই করপোরেশনে মোট ভোটার ৩৮ লাখ ৫৮ হাজার ৯৫৫ জন। কমিশন সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে ২১ লাখ ৭৭ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬টি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ২৯০ জন।ঢাকা উত্তরে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৪টি ও ভোটকক্ষের সংখ্যা পাঁচ হাজার ৮১৭টি। দক্ষিণের ভোটকেন্দ্রের সংখ্যা ৮৭৩টি ও ভোটকক্ষের সংখ্যা চার হাজার ৪৩৯টি।কমিশনের কর্মকর্তারা জানান, ডিসিসির দুই ভাগে প্রায় দুই হাজার ভোটকেন্দ্রসহ স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স নিয়ে ভোটের দিন প্রায় ৩০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রয়োজন হবে। প্রচারের সময়ে অর্থাত্ ২১ দিনের জন্য ঢাকার ৯২টি সাধারণ ওয়ার্ডে ৯২ জন নির্বাহী ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। প্রতি তিনটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর আগামী ২৪ মে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের জন্য এটিই হবে প্রথম নির্বাচন। অবিভক্ত ডিসিসির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালের এপ্রিলে।সিইসি বলেন, ডিসিসি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সবাইকে যথাযথভাবে বিধিবিধান অনুসরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোরভাবে আইনের প্রয়োগ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তিনি সব রাজনৈতিক দলের অকুণ্ঠ সমর্থন ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আইনি ব্যবস্থা নেব এবং যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোটকেন্দ্রে যেতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করা হবে। নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধেরও যথাযথ উদ্যোগ নেওয়া হবে।’অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। এ ছাড়া কমিশনের কাছে প্রতিটি কাজই চ্যালেঞ্জের। কোনো কাজকেই ছোট করে দেখা হচ্ছে না। এ জন্য সবার সহযোগিতা দরকার। তিনি জানান, ডিসিসির দুই ভাগে সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ভিডিও: মনিরুল আলম