ডিসিসি নির্বাচনের তফসিল এপ্রিলের মাঝামাঝি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।সিইসি জানান, আগামী ২৯ মের মধ্যে ঢাকা সিটির নির্বাচন আয়োজনের ব্যাপারে আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাই এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে হবে। তিনি জানান, নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে কাজী রকিব জানান, ডিসিসির দুই ভাগে ২০ হাজার ভোট কক্ষের মধ্যে প্রায় এক হাজার কক্ষে ইভিএমের ব্যবহার হতে পারে।বৈঠকে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী আইনের বিধিমালা সংশোধন বিষয়ে আলোচনা হয়। সিইসি জানান, ভোটার তালিকা হালনাগাদের কাজ সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।