ডিসিসি নির্বাচনের পর সীমানা নির্ধারণ বিরোধের নিষ্পত্তি হতে পারে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন করার পরও সীমানা নির্ধারণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা যেতে পারে। ডিসিসির সীমানা নির্ধারণ নিয়ে হাইকোর্টে মামলা থাকায় নির্বাচন কমিশন ঘোষিত সময় মার্চে এ নির্বাচন হবে কি না, সে প্রসঙ্গে তিনি এ কথা বলেন। তিনি আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম পুনর্মিলনীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।মার্চের মধ্যে ডিসিসি নির্বাচন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মার্চের মধ্যে নির্বাচন করার চেষ্টা করছি। কিন্তু এ নিয়ে আদালতে মামলা আছে।’ তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ মানুষের অধিকার। কিন্তু আড়াই বছর ধরে ডিসিসি নির্বাচন না হওয়ায় জনগণ তাদের এই অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচন কমিশন বিষয়টি আদালতকে বুঝিয়ে মার্চেই নির্বাচন করার চেষ্টা করবে। তা না হলে নির্বাচন আরও ছয় মাস পিছিয়ে যেতে পারে, যা কাম্য নয়। নির্বাচনের পরও সীমানা নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। নির্বাচনের পর সীমানা নির্ধারণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদাহরণ ভারতবর্ষে অনেক আছে বলেও তিনি উল্লেখ করেন।শামসুল হুদা বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মে থেকে শুরু হবে। এ ছাড়া এই বছরের মধ্যেই বাকি সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।