ডিসিসি বনাম ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সব যান্ত্রিক যানবাহনের লাইসেন্স দেয় বিআরটিএ। আর রিকশার মতো অযান্ত্রিক যানের লাইসেন্স দেয় ডিসিসি। সে হিসেবে নগরে নতুন আসা ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার দায়িত্ব পড়েছে ডিসিসির ওপর। তারা অযান্ত্রিক রিকশা ওঠানোর বিনিময়ে ইলেকট্রিক রিকশা রাস্তায় নামানোর পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে বাদ সাধছে ডিএমপি। তারা মনে করে, ধীরগতির ইলেকট্রিক রিকশা নগরের বড় বড় সড়কে চলাচল করলে এগুলো দ্রুতগতির যানবাহনের গতি থামিয়ে দেবে। ফলে সড়কে যানজট তৈরি হবে। তাদের যুক্তিতে নগরবিদদেরও সমর্থন আছে।তবে নগরবিদদের মতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিএমপি সড়কের মোড়ে পুলিশ বক্স বসিয়েছে। নগরবিদেরা মনে করেন, পুলিশ বক্সগুলোয় থাকা বাহারি বিজ্ঞাপন চালকের যান চালনায় মনোসংযোগ ক্ষুণ্ন করে। এগুলো উচ্ছেদে ডিসিসি সোচ্চার হওয়ার চেষ্টা করলেও ডিএমপির বাধার মুখে তারা থমকে আছে, এমনটা জানা গেছে ডিসিসির বিজ্ঞাপন শাখা থেকে। আবার নগরের ফুটপাত থেকে হকার উচ্ছেদের দায়িত্ব কার, তা নিয়ে ডিসিসি ও ডিএমপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে হকার উচ্ছেদে দুই পক্ষেরই আন্তরিকতার অভাব আছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য ফুটপাতগুলোয় দিন দিন হকার বাড়ছে। এদের কারণে নগরের রাস্তায় যানজট বাড়ছে বলে ডিএমপির সূত্র জানায়। এর মধ্যেই আবার ডিসিসি নগরের কোনো কোনো ফুটপাত হকারদের অস্থায়ী বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে। এটা করা হলে যানবাহন নিয়ন্ত্রণকাজ কঠিন হয়ে পড়বে বলে মনে করেন ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। তবে হকার উচ্ছেদের বিষয়ে বিপরীত মত দিলেন ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা। তিনি বলেন, সড়ক থেকে হকার উচ্ছেদে ডিসিসির কোনো জনবল নেই। উচ্ছেদ করার কথা ডিএমপির। কিন্তু তারা রাস্তা থেকে হকার উচ্ছেদ করে না কেন?এদিকে নগরের যানজট প্রতিরোধে গত বছর থেকে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ডিএমপি। এর প্রথমেই আসে স্বয়ংক্রিয় সংকেতবাতির কথা। দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে থাকা রাস্তার মোড়ের সংকেতবাতি যান-ব্যবস্থাপনায় কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়। ডিএমপির হিসাবমতে, নগরের প্রায় চার শ মোড়ের মধ্যে ৬০টিতে স্বয়ংক্রিয় সংকেতবাতি আছে। এর মধ্যে গাড়ির চাপ বেশি থাকায় চারটি মোড়ে সংকেতবাতির নির্দেশনা অনুসারে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে না। ডিএমপি-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, যেসব মোড়ে স্বয়ংক্রিয় সংকেতবাতি নেই, সেসব স্থানে বাতি বসালে নগরের যানজট কিছুটা কমবে। নগরের সব মোড়ে স্বয়ংক্রিয় সংকেতবাতি বসানো হচ্ছে না কেন—জানতে চাইলে ডিসিসির ট্রাফিক প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন জানান, বর্তমান অর্থবছরে নগরের ১০টি মোড়ে স্বয়ংক্রিয় সংকেতবাতি বসানোর বিষয়টি প্রক্রিয়াধীন। পর্যায়ক্রমে নগরের সব মোড়ে বাতি বসানোর পরিকল্পনা আছে বলে তিনি জানান। ডিএমপির প্রবর্তিত লেন-ব্যবস্থা কার্যকর করতে গুটিকয় সড়কের লেনের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট যানের নাম সাদা অক্ষরে লিখেই হাত-পা গুটিয়ে বসে আছে ডিসিসি। ডিএমপিও লেন-ব্যবস্থা বাস্তবায়নে ঢিলেঢালা ভাব দেখাচ্ছে। ফলে আগের মতোই এলোপাতাড়িভাবে চলছে যানবাহন।ডিসিসি নগরের রাস্তার কিছু অংশ গাড়ি রাখার জন্য ভাড়া দেওয়ায় সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজটি কঠিন হয়ে পড়েছে বলে জানান ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মো. সফিকুর রহমান। এ প্রসঙ্গে ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকা জানান, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের চাপে পড়ে তাঁরা রাস্তাকে গাড়ি রাখার জায়গা হিসেবে ভাড়া দিতে বাধ্য হয়েছেন।