ডিসিসি বনাম ডিএমপি
ঢাকার ফুটওভারব্রিজের হাল নিয়ে কথা হয় নগরকর্তা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে। তিনি বলেন, নগরের কোনো ফুটওভারব্রিজ মেরামতের দরকার হলে অবশ্যই তা করা হবে। এগুলোয় বাতির প্রয়োজন হলে তা দেওয়া হবে। এ ছাড়া ফুটওভারব্রিজের পরিচ্ছন্নতার কাজও জোরদার করা হবে। তবে ফুটওভারব্রিজ থেকে হকার, ভিক্ষুক, বখাটে, ছিনতাইকারীদের দৌরাত্ম্য দূর করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে ডিসিসির কোনো জনবল নেই। ডিএমপিকেই এগিয়ে আসতে হবে বলে তিনি জানান।এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মো. সফিকুর রহমান বলেন, পুলিশ চাইলেই হকার আর ভিক্ষুকদের সরিয়ে দিতে পারে না। কেননা, তাদের সরানোর বিষয়টি একটি নির্বাচিত সরকারের জন্য খুবই স্পর্শকাতর। সরকার হুকুম দিলে পুলিশ যেকোনো সময় ফুটওভারব্রিজ থেকে হকার ও ভিক্ষুকদের সরিয়ে দিতে পারবে। অপরদিকে ফুটওভারব্রিজে বাতি না থাকা কিংবা এগুলো বিজ্ঞাপনবোর্ডে ঢেকে থাকায় রাতের অন্ধকারে ছিনতাইকারী ও যৌনকর্মীদের আনাগোনা থাকে ফুটওভারব্রিজে। এগুলোয় বাতি দেওয়ার কথা ডিসিসির। আবার তারাই বিজ্ঞাপনবোর্ড বসাতে দেয় ফুটওভারব্রিজে। তাই ফুটওভারব্রিজ নিরাপদ করতে ডিসিসিকেও এগিয়ে আসতে হবে।